কুড়িগ্রামের উলিপুরে বোরো চাষের শুরুতেই বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। দিন ও রাত মিলে চার-পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বোরোর লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে। বিদ্যুতের দাবিতে শুক্রবার সন্ধ্যায় এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও আঞ্চলিক বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন।পল্লী বিদ্যুতের উলিপুর আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রণে উলিপুর ও চিলমারী উপজেলায় মোট গ্রাহক প্রায় ২০ হাজার। এর মধ্যে উলিপুরের ১৫ হাজার গ্রাহকের জন্য বিদ্যুতের প্রয়োজন সাড়ে চার মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে দেড় মেগাওয়াট। শুধু উলিপুর উপজেলায় বিদ্যুৎচালিত ৫১টি গভীর নলকূপ, এক হাজার পাঁচটি অগভীর নলকূপ এবং বরেন্দ্র কর্তৃপক্ষের ৪৪টি নলকূপ রয়েছে।উলিপুর উপজেলার গুনাইহাছ ইউনিয়নের অগভীর নলকূপের মালিক নূর ইসলাম জানান, তাঁর নলকূপ থেকে তিনি কৃষকদের ১০ একর জমিতে পানি সরবরাহ করছেন। কিন্তু বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জমিতে সেচ দিতে পারছেন না। এ নিয়ে কৃষকদের সঙ্গে প্রায় কথা-কাটাকাটি হয়। বাধ্য হয়ে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে ডিজেলচালিত একটি অগভীর নলকূপ ভাড়া নিয়ে পানি সরবরাহ করছেন। এর ফলে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।পৌরসভার মাঝিপাড়া গ্রামের কৃষক রেজাউল করিম জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জমিতে পানি না দেওয়ায় জমি ফেটে গেছে। বাধ্য হয়ে সেচঘরে রাত জেগে পানি নিতে হচ্ছে। পাণ্ডুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার জানান, গত মৌসুমেও বিদ্যুতের এ রকম পরিস্থিতি ছিল না। উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে ১৮ হাজার ৩৪৮ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৩৯২ টন। বিদ্যুৎ-পরিস্থিতির উন্নতি না হলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। উলিপুর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তোফাজ্জল হক জানান, লালমনিরহাট গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু সরবরাহে ত্রুটির কারণে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে।