কিশোরগঞ্জে এইচএসসির পদার্থবিজ্ঞান (সৃজনশীল) প্রথম পত্র পরীক্ষায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই উত্তরপত্র নেওয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে শহরের সরকারি গুরুদয়াল কলেজের সামনে মানববন্ধন করে এর প্রতিকার দাবি করে পরীক্ষার্থীরা।
বেলা ১১টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলা শহরের বিভিন্ন কলেজের কয়েক শ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীরা জানিয়েছে, গত সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (সৃজনশীল) প্রথম পত্রের ৫০ নম্বরের পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ২ ঘণ্টা ৩৫ মিনিট। কিন্তু প্রশ্নপত্রে ২ ঘণ্টা ২০ মিনিট লেখা থাকার অজুহাতে ১৫ মিনিট আগেই তাদের উত্তরপত্র নিয়ে নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের আগে উত্তরপত্র নিয়ে যাওয়ায় উত্তর জানা থাকা সত্ত্বেও কোনো পরীক্ষার্থীই নির্ধারিত পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে পারেনি। গতকালের মানববন্ধনে অনেক পরীক্ষার্থীই কান্নায় ভেঙে পড়ে। গুরুদয়াল কলেজের পরীক্ষার্থী মো. রবিউল্লাহ কাঁদতে কাঁদতে বলে, ‘আমার এসএসসিতে জিপিএ-৫ ছিল। এইচএসসিতেও জিপিএ-৫ পাওয়ার আশা করেছিলাম। সে রকমভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু প্রশ্নপত্রে লেখা ভুল সময় কেড়ে নিয়েছে আমার স্বপ্ন। ৫০ নম্বরের পরীক্ষার মধ্যে ৩৫ নম্বরের উত্তর দিতে পেরেছি আমি।’
সরকারি গুরুদয়াল কলেজের কেন্দ্রসচিব ও অধ্যক্ষ রামচন্দ্র রায় বলেন, ‘বোর্ড থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় প্রশ্নপত্রে উল্লেখিত সময়ের বাইরে যাওয়ার সুযোগ ছিল না। পরীক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’