চট্টগ্রাম ইসলামিয়া কলেজের একদল এইচএসসি পরীক্ষার্থী গতকাল বুধবার নগরের আগ্রাবাদের বাদামতলী মোড় এলাকায় সড়ক অবরোধ করে। গত সোমবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষায় পাস করিয়ে দেওয়াসহ তিন দফা দাবিতে তারা এই অবরোধ করে।সড়ক অবরোধের কারণে বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বাদামতলী মোড় এলাকায় যান চলাচল বন্ধ ছিল। এতে বন্দর ও দেওয়ানহাট এলাকা থেকে আসা যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। লোকজনকে পোহাতে হয় চরম ভোগান্তি।প্রত্যক্ষদর্শী ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজ কেন্দ্রের কিছু পরীক্ষার্থী বাদামতলী মোড়ে জড়ো হতে থাকে। এতে রাস্তার দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইসলামিয়া কলেজের এসব পরীক্ষার্থীর অভিযোগ, সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের রচনামূলক প্রশ্নপত্রের আগেই তাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া হয়। এতে তারা মানসিকভাবে অপ্রস্তুত হয়ে পড়ে। তাদের কাছ থেকে ২০ মিনিট আগেই উত্তরপত্র নিয়ে নেন পরিদর্শকেরা। এতে তারা সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। গতকাল তারা পরীক্ষাকেন্দ্রের সামনে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় কমার্স কলেজের কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং একটি ছাত্রসংগঠনের নেতারা তাদের গালাগাল ও মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। এরপর তারা বাদামতলী মোড়ে এসে বিক্ষোভ করে।বিক্ষুব্ধ ছাত্ররা তিন দফা দাবি জানায়। দাবিগুলো হলো নৈর্ব্যক্তিক পরীক্ষায় সবাইকে গড়ে ২০ নম্বর করে দিতে হবে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সঙ্গে কেউ অশোভন আচরণ করতে পারবে না এবং ভবিষ্যতে কমার্স কলেজ কেন্দ্র বাতিল করতে হবে। বেলা প্রায় আড়াইটার দিকে পরীক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামিয়া কলেজের একজন ছাত্র জানায়, তারা আগামী রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিনে আবারও আন্দোলনে নামবে।পরীক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) সুকুমার দত্ত প্রথম আলোকে বলেন, সোমবার ভুলবশত পরীক্ষাকেন্দ্রের দুটি কক্ষে নৈর্ব্যক্তিক প্রশ্ন আগে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়েই উত্তরপত্র নেওয়া হয়েছে। গতকাল সবাই পরীক্ষা দিয়ে সুশৃঙ্খলভাবে বেরিয়ে গেছে। কোনো শিক্ষক তাদের সঙ্গে কোনো ধরনের অশোভন আচরণ করেননি।