এইচএসসি পরীক্ষার্থীদের হামলা, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি মহিলা কলেজে হামলা-ভাঙচুর এবং শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে নোয়াখালী সরকারি কলেজের ছাত্ররা।
গতকাল রোববার বেলা একটার পর থেকে পৌনে তিনটা পর্যন্ত এসব ঘটনা ঘটে। পরীক্ষার হলে কড়াকড়ি, পরীক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও প্রবেশপত্র ছিঁড়ে ফেলার অভিযোগে তারা এসব ঘটনা ঘটায়।
এ সময় প্রায় আধা ঘণ্টা শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিনের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নেয়। এরপর ছাত্ররা জেলা প্রশাসকের কাছে গিয়ে তাদের অভিযোগের বিষয়টি অবহিত করে।
জানতে চাইলে মহিলা কলেজের উপাধ্যক্ষ হারুনুর রশিদ হামলাকারী ছাত্রদের দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্ররা এখন আর আগের মতো লেখাপড়া করে পরীক্ষার হলে আসে না। হলে তাদের নকলের এবং একে অপরের খাতা দেখে লেখার সুযোগ না দেওয়ায় পরীক্ষা শেষে তারা কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এ সময় ক্যাম্পাসে উপস্থিত পুলিশ নীরব ভূমিকা পালন করে।
আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, নোয়াখালী সরকারি কলেজের ছাত্রদের ভালো ফলাফলের কারণে প্রতিবছরই এইচএসসি পরীক্ষা চলাকালে সরকারি মহিলা কলেজের শিক্ষকেরা সরকারি কলেজের পরীক্ষার্থীদের হলে নানাভাবে হয়রানি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি, পরীক্ষার প্রথম দিন থেকে নানাভাবে হয়রানি করা হচ্ছে সরকারি কলেজের পরীক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানায়, গতকাল গণিত পরীক্ষা চলাকালে কারণে-অকারণে বেশ কিছু পরীক্ষার্থীর খাতা ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখেন হল-শিক্ষকেরা। শুধু তাই নয়, পরীক্ষার্থীদের গালমন্দ করেন এবং কয়েকজন পরীক্ষার্থীর প্রবেশপত্রও ছিঁড়ে ফেলেন শিক্ষকেরা। এসব কারণে কিছু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষার হলে খাতা নিয়ে যাওয়া ও প্রবেশপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে বেলা একটার পর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ভাঙচুর শুরু করে। তারা কলেজের একাডেমিক ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়তলার এবং বিজ্ঞান ভবনের সব কয়টি কক্ষের জানালার কাচ ভাঙচুর করে।
েবলা সোয়া দুইটার দিকে পরীক্ষার্থীরা জেলা জামে মসজিদ মোড়ে শহরের প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে থানা-পুলিশ পরীক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করলে বেলা পৌনে তিনটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে তিনি ব্যারিকেড সরিয়ে নেন। এরপর তাঁরা জেলা প্রশাসকের কাছে গিয়ে তাঁদের অভিযোগের বিষয়টি অবহিত করেন। জেলা প্রশাসক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে তাঁদের আশ্বস্ত করেন।