এইচএসসি পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যা
উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। গত বুধবার ফলাফল প্রকাশের দিন বিষপান করা ওই শিক্ষার্থী গতকাল শুক্রবার মারা যান। শিক্ষার্থীর নাম তন্ময় দে (১৮)। তিনি নগরের ওমর গনি (এমইএস) কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন। নিহত তন্ময় নগরের নন্দনকানন এলাকার দুলাল চন্দ্র দের ছেলে। দুলাল চন্দ্র দে জানান, ফল প্রকাশের দিন (গত বুধবার) ইন্টারনেটের মাধ্যমে তন্ময় ফলাফল খারাপ হওয়ার বিষয়টি জানতে পারে। দুপুরের খাবার শেষে সে টয়লেটে যায়। সেখান থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তার মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তন্ময় মারা যায়।জানা গেছে, তন্ময় এসএসসি পরীক্ষায় নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় তিনি বিষপানে আত্মহত্যা করেন বলে জানান দুলাল চন্দ্র দে। নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক সেবু বড়ুয়া বলেন, পরীক্ষায় খারাপ ফল করায় তন্ময় দে নামের এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের বাবা থানায় অপমৃত্যু মামলা করেছেন।