
বগুড়ায় গত রোববার রাতে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত আরও পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৬৬ দিনে দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় অন্তত ৫৯২ জন প্রাণ হারালেন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীর টিকাটুলীতে গতকাল বাসের ধাক্কায় মো. আয়নাল হক (৩৫) নামের একজন সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন। চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রী বলেন, রোববার রাতে সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় পাথরবোঝাই একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার মো. সাইদুর (৩৫), একই এলাকার মো. তারেক (২৮) ও আবদুল মান্নান (৫০)।
নরসিংদীর বেলাব উপজেলা হাইওয়ে পুলিশ জানিয়েছে, গতকাল সকালে এইচএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার (১৮) দড়িকান্দি বাসস্ট্যান্ড সড়ক পার হচ্ছিলেন। একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত শারমিনের কলেজের কয়েক শ শিক্ষার্থী নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। ভৈরব হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, গতকাল দুপুরে মহাসড়কের চরভাবলা এলাকায় একটি বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন আরও ছয়জন। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
যশোরের শার্শা উপজেলায় মরিয়ম খাতুন (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার চাচাতো ভাই ওয়াসিম গাজী বলেন, গতকাল দুপুরে মরিয়ম মায়ের সঙ্গে উপজেলার সাতমাইল এলাকায় নাভারণ-সাতক্ষীরা সড়ক পার হচ্ছিল। একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
কক্সবাজারের চকরিয়া উপজেলার চোয়ারফাঁড়ি এলাকায় গতকাল দুপুরে একটি অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুরুল ইসলাম (৪৮) মারা যান।