সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। একই দিন রায়গঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের বোদা ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের পাশে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী এইচএসসি পরীক্ষার্থী আল ইমরান (১৭) নিহত হয়। সে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র এবং অলিপুর গ্রামের আবদুল আলিম তালুকদারের ছেলে।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দাদপুর আমবাগান এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নলকা ইউনিয়ন পরিষদের সদস্য এবং আসন্ন নির্বাচনের সদস্য পদপ্রার্থী আবদুল হাই আকন্দ (৬০) নিহত হন। তাঁর বাড়ি দাদপুর গ্রামে। একই মহাসড়কের তবারীপাড়া এলাকায় বাসের ছাদ থেকে পড়ে শফিউল ইসলাম (৩৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার পীরবাড়ি এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের চাপায় মেহেদী হাসান (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সে শহরতলির নাটাই গ্রামের জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয় লোকজন মহাসড়কের ওই স্থানটি প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে।ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-ভাউলারহাট সড়কের সদর উপজেলার ফকদনপুর গ্রামে গতকাল ট্রাক্টরের চাপায় জীবন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ওই ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। জীবন ফকদনপুর গ্রামের দিনেশ রায়ের ছেলে। এলাকাবাসী ট্রাক্টরচালক আজহারুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পঞ্চগড়: বোদা উপজেলায় ভীমপুকুর মোড়ে গতকাল যাত্রীবাহী বাসের চাপায় আরিফ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আরিফ ভীমপুকুর গ্রামের খাদেমুলের ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।