সড়ক দুর্ঘটনায় রাজধানী ঢাকায় একজন ও রাজশাহীর চারঘাট উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীসহ চার জেলায় পাঁচজন নিহত হয়েছেন। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬৯ দিনে সড়কে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল অন্তত ৬১১।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ি এক রিকশাভ্যানকে চাপা দিলে ভ্যানের চালক জিয়া পাটোয়ারি (৩৫) নিহত হন।
রাজশাহীর চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, তিন এইচএসসি শিক্ষার্থী পরীক্ষা শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। এ সময় উপজেলার কাকড়ামারি এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার চালকসহ পরীক্ষার্থীরা আহত হয়। পরে রুখশানা খাতুন মারা যান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কারবালা গলাকাটা এলাকায় দুই নারী মহাসড়কের পাশে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীকে চাপা দেয়। এতে নাজমা বেগম (৩০) এবং তাঁর শাশুড়ি সাজেদা বেগম (৫৫) ঘটনাস্থলে মারা যান।
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনার গতকাল দুপুরে বাইসাইকেলচালক এক কিশোর মারা গেছে।