পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় একজন এইচএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৭১ দিনে দেশের বিভন্ন স্থানে প্রাণ হারালেন অন্তত ৬২৪ জন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় আবদুল জব্বার (৪৩) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় নিহত হয়েছেন স্থানীয় কোয়ালিটি ফিড লিমিটেডের কর্মী জহুরুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি উপজেলার গাড়িদহ এলাকায়। শুক্রবার মাঝরাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, জহুরুলের মরদেহ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা নামক স্থানে সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। তাঁর নাম তোফাজ্জল হোসেন (৪৫)। শুক্রবার গভীর রাতের এ ঘটনায় ট্রাকের সহকারী মজনু মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। তোফাজ্জল বগুড়া জেলার শেরপুর উপজেলার হাজীপুর গ্রামের এবং মজনু ধনুট উপজেলার উল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় গতকাল দুপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত হোসেন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রিফাত চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খেরকুল গ্রামের মৃত আলী হোসেনর ছেলে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। গাড়িটি আটক করা হয়েছে।
নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ এলাকায় গতকাল সকালে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে একটি বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তাঁর নাম সোহেল রানা (২৮)। তিনি ঢাকা-সিলেট রুটের ইকোনো পরিবহনের একটি বাসের সুপারভাইজার ছিলেন।