এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ২২ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকায় অবস্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আলী ডিগ্রি কলেজের ২২ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ব্যাপারে শিক্ষার্থীরা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে।কলেজের সাবেক উপাধ্যক্ষ সাঈদুর রহমান জানান, স্থানীয় মোহাম্মদ আলী নিজ নামে ২০১০ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। এরপর নানা সুবিধার আশ্বাস দিয়ে ২০১১ সালে একাদশ শ্রেণীতে অর্ধশতাধিক শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকটের কারণে তিনিসহ অনেক শিক্ষার্থী অন্যত্র চলে যান। তবে কলেজ কর্তৃপক্ষের অনুরোধ ও প্রলোভনে ২২ জন শিক্ষার্থী থেকে যায়। শিক্ষার্থীরা জানায়, নিবন্ধনের জন্য তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন অধ্যক্ষ। পরে তারা নিরুপায় হয়ে ২০ হাজার টাকা করে দেয়। কিন্তু পরীক্ষার আগের দিন নিবন্ধন কার্ড ও প্রবেশপত্রের জন্য তারা কলেজে গিয়ে কাউকে পায়নি। এর পর থেকে কলেজের অধ্যক্ষ গা ঢাকা দিয়ে থাকায় ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।নবীনগর জাতীয় স্মৃতিসৌধ থেকে কয়েক শ গজ দূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নিরিবিলি এলাকায় মোহাম্মদ আলী স্টেটে অবস্থিত ওই কলেজে গিয়ে অধ্যক্ষের কার্যালয়সহ অফিসকক্ষে তালা ঝুলতে দেখা যায়। এ সময় ছয় ফুট প্রশস্ত ও ৬০ ফুট লম্বা আধা পাকা ছাপরাঘর ছাড়া প্রতিষ্ঠানটির আর কোনো অবকাঠামো চোখে পড়েনি।কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক দিন হয় অধ্যক্ষ মাহবুব আলম কলেজে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন। তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁকে ছাড়া আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।’