বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর কেউ স্নাতক পাস করেননি৷ আওয়ামী লীগদলীয় প্রার্থী জেবুন্নেছা আফরোজ এইচএসসি পাস করেছেন৷ আর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী সাইফুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা নেই৷ তিনি নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন৷
তবে দুই প্রার্থীর কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধে কোনো মামলা নেই৷ নির্বাচন কমিশনে জমা দেওয়া দুই প্রার্থীর হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে৷
গত ৯ এপ্রিল বরিশাল-৫ আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ মারা যান৷ এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়৷ ১২ জুন ভোট গ্রহণের দিন ধার্য করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন৷
হলফনামা ঘেঁটে দেখা গেছে, জেবুন্নেছার আয়ের বেশ কিছু উৎস থাকলেও সাইফুলের আয়ের একমাত্র উৎস ব্যবসা৷ জেবুন্নেছার বার্ষিক আয় দুই লাখ ৯৮ হাজার ৬৬৩ টাকা৷ বরিশাল নগরের বেলভিউ মেডিকেল সার্ভিসেস লিমিটেড ও সাউথ কিং চায়নিজ রেস্টুরেন্ট, কৃষি ও অন্যান্য ব্যবসার অংশীদারত্ব থেকে তিনি এই আয় দেখিয়েছেন৷
এ ছাড়া প্রয়াত স্বামীর নামে দুটি ব্যাংকে ১১ হাজার ৬১৩ টাকা, শেয়ার ৫৫ লাখ টাকা, আট লাখ তিন হাজার ৬৭৮ টাকার স্থায়ী আমানত, ১৫ লাখ ১৭ হাজার ৬৭৬ টাকা মূল্যের একটি বাস, ১৬ লাখ ৪৫ হাজার ২১৪ টাকা মূল্যের একটি কার, তিন কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৭৯৪ টাকা মূল্যের দুটি কার্গো ও ব্যবসায় বিনিয়োগ এক কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৮৪৩ টাকা৷
বিএনএফের প্রার্থী সাইফুল কী ব্যবসা করেন তা উল্লেখ করেননি৷ ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় এক লাখ ২০ হাজার টাকা৷ তাঁর হাতে আছে এক লাখ টাকা, ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকার আসবাব৷ জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, নির্বাচনে ব্যয়ের অর্থ আসবে শ্বশুরবাড়ি থেকে৷ এর বাইরে বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন অর্থের জোগান দেবে৷