মাগুরার শালিখা উপজেলার সিংড়া বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি এক হাজার টাকা কমানো হয়েছে।গতকাল শনিবার ফরম পূরণের শেষ দিন কলেজ কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নেয়। কলেজ সূত্রে জানা গেছে, ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত সর্বোচ্চ ফি এক হাজার ৬৮৫ টাকা হলেও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে তিন গুণ অর্থাৎ চার থেকে পাঁচ হাজার টাকা আদায় করছিল। এ নিয়ে গত ২১ ডিসেম্বর প্রথম আলোতে ‘এইচএসসির ফরম পূরণে নেওয়া হচ্ছে তিন গুণ অর্থ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন ছাপা হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ সব বিভাগের ফরম পূরণের ফি তিন হাজার টাকা নির্ধারণ করে দেয়। এ খবরে শিক্ষার্থীরা খুশি হয়েছে। তবে তারা অভিযোগ করে, কলেজ কর্তৃপক্ষ এখনো বোর্ড নির্ধারিত ফির চেয়ে প্রায় দ্বিগুণ টাকা নিচ্ছে। কারণ, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ফরম পূরণের বোর্ড নির্ধারিত ফি এক হাজার ৩১৫ ও বিজ্ঞান বিভাগে এক হাজার ৬৮৫ টাকা। মানবিক বিভাগের পরীক্ষার্থী সীমা বিশ্বাস, জেসমিন খাতুন, শামসুন্নাহার ও তাসমিয়া খাতুন বলেন, প্রথম আলোতে সংবাদ প্রকাশের কারণে ফরম পূরণের ফি এক হাজার টাকা কমেছে। এ জন্য তারা পত্রিকাটির প্রতি কৃতজ্ঞ।অভিভাবক বিনয় রায় প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা খুবখুশি, সব না হোক, কিছু তো কমেছে।’