এইচএসসিতে এগিয়ে রাজশাহী, পিছিয়ে যশোর
এ বছরের এইচএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারে সবচেয়ে এগিয়ে রাজশাহী শিক্ষাবোর্ড। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে যশোর শিক্ষাবোর্ড।
আজ রোববার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ওই ফলাফলের অনুলিপি থেকে জানা যায়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৭৭ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ফলাফলের তলানিতে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। বোর্ডটির পরীক্ষার্থীদের অর্ধেকের বেশি ফেল করেছে। পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডে ৬৮ দশমিক ১৬ শতাংশ, চট্টগ্রামে ৬৩ দশমিক ৪৯ শতাংশ, সিলেটে ৭৪ দশমিক ৫৭ শতাংশ, কুমিল্লায় ৫৯ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৭০ দশমিক ০৬ শতাংশ ও দিনাজপুরে ৭০ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯০ দশমিক ১৯ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৮৫ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বিদেশি কেন্দ্র: এবারের এইচএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে গড় পাসের হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ। বিদেশে পাঁচটি কেন্দ্রে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২১২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।