উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে ঠাকুরগাঁও সরকারি কলেজ গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ফলাফল খারাপ করছে বলে অভিযোগ করেছেন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা। চলতি বছর এই কলেজ থেকে ৮০০ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে পাস করেন ৬৭৬ জন। অকৃতকার্য হয় ১২৪ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন।
কলেজ সূত্র জানায়, ২০১২ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ৮৭০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১৬৭ জন শিক্ষার্থী। দিনাজপুর শিক্ষা বোর্ডে কলেজটির অবস্থান ছিল ১১তম। ২০১৩ সালে বোর্ডের তালিকায় কলেজটির অবস্থান এক ধাপ নেমে যায়। সে বছর ৭৭৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। পাস করেন ৬৪৬ জন। জিপিএ-৫ কমে দাঁড়ায় ৮৫ জনে। ২০১৪ সালে ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয় ১১৯ জন। জিপিএ-৫ পান ৫৮ জন। সে বছর এমন ফলাফলের পেছনে কেন্দ্রে নিয়োজিত কক্ষ পরিদর্শকদের পক্ষপাতমূলক আচরণকে দায়ী করেছিলেন কলেজ কর্তৃপক্ষ।
সে সময় কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া মণ্ডল ফলাফল খারাপ হওয়ার কারণ সম্পর্কে জানিয়েছিলেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের পরীক্ষার্থীদের সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হয়। মহিলা কলেজ কেন্দ্রে নিয়োজিত কক্ষ পরিদর্শকেরা সরকারি কলেজের শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভেবে তাদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছেন। বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দেওয়া হয়েছিল। ফলাফল বিপর্যয় কাটাতে সে সময় তিনি পরের বছরের পরীক্ষার্থীদের পড়ালেখায় বাড়তি যত্ন নেওয়ার কথা বলেছিলেন।
কিন্তু চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফল আরও খারাপ হয়। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে কলেজে ৩৯৯ জন শিক্ষার্থী ভর্তি হয়। এর মধ্যে ৩৫০ জনই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া। কিন্তু এ বিভাগ থেকে চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪৩ জন।
এবার কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করা একজন শিক্ষার্থী জানান, প্রথম বর্ষে মাত্র হাতে গোনা কয়েক দিন ক্লাস হয়েছে। দ্বিতীয় বর্ষে তাঁদের কোনো ক্লাসই হয়নি। শিক্ষার্থীরা বাধ্য হয়ে ক্লাস বাদ দিয়ে কোচিং ও প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে। এ কারণে শিক্ষকদের প্রাইভেটে শিক্ষার্থীদের ভিড় বেড়ে যায়।
তবে এবারের ফলাফল গত বছরের চেয়ে ভালো বলে দাবি করেন কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মণ্ডল বলেন, দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের তুলনায় এই কলেজের ফলাফল খুব একটা খারাপ হয়নি। তবু এ ফলাফল আশানুরূপ নয়। এ বছরের ফলাফল মূল্যায়ন করে পরে আরও ভালো করতে পরিকল্পনা হাতে নেওয়া হবে।
স্থানীয় সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। শুধু সরকারি কলেজ নয়, জেলার সব কলেজে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হবে।’