এইচএসসিতে চট্টগ্রামে ৮০,৬৫৯ পরীক্ষার্থী
এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৮০ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী অংশ নেবে। মোট ৯২টি কেন্দ্রে পরীক্ষা হবে। ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করতে গতকাল রোববার দুপুরে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। বক্তব্য দেন বোর্ডসচিব পীযূষ দত্ত, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান, কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরীক্ষায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।
বোর্ড সূত্র জানায়, এবারের পরীক্ষায় ৩৯ হাজার ৪৮৭ জন ছাত্র ও ৪১ হাজার ১৭২ ছাত্রী অংশ নিচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য ৪০টি সাধারণ ও ১০টি বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।