এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা বেড়েছে। আজ রোববার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০১৫ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিল ৮০ হাজার ৭৮৭ জন। এবার অংশ নিচ্ছে ৮৭ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে ছাত্র ৪৩ হাজার ৫১২ জন ও ছাত্রী ৪৩ হাজার ৯৫১ জন।
শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার ৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবার কেন্দ্র ছিল ৯২টি। চলতি বছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সবচেয়ে বেশি ৩৯ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশ নেবে। বিজ্ঞান ও মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ১৪ হাজার ৭৮৯ ও ৩৩ হাজার ৭ জন। এ ছাড়া গার্হস্থ্য অর্থনীতি বিভাগ থেকে অংশ নিচ্ছে পাঁচজন পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবার ১০টি বিশেষ ও ৪০টি সাধারণ পরিদর্শক দল গঠন করা হয়েছে।