এইচএসসিতে প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থী কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ এপ্রিল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী গতবারের তুলনায় প্রায় ৩৫ হাজার কমেছে। ১০টি শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। গতবার ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থী কমে যাওয়ার ব্যাখ্যা দেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান। তিনি বলেন, দুই বছর আগে এসএসসিতে পাস কমে যাওয়া এবং গত বছর যশোর শিক্ষা বোর্ডে প্রায় ২৫ হাজার অনিয়মিত শিক্ষার্থী থাকায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিয়মিত শিক্ষার্থী হিসেবে উচ্চমাধ্যমিকে নিবন্ধন করেছিল ১১ লাখ ৭৯ হাজার ৭৩২ জন। তাদের মধ্যে পরীক্ষা দিচ্ছে ৯ লাখ ৩৫ হাজার ১৪৫ জন। তবে অনিয়মিত পরীক্ষার্থী থাকায় মোট পরীক্ষার্থী বেড়েছে।

প্রায় আড়াই লাখ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা না দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন কারণে এসএসসি পাসের পরও অনেকে নিয়মিত থাকতে পারে না। আবার নির্বাচনী পরীক্ষায় পাস না করলেও পরীক্ষা দেওয়া যায় না। এসব কারণে অনেকে নিয়মিত থাকতে পারে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন। আর ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।