এইচএসসিতে বিজ্ঞান বিভাগে দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী কমছে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চমাধ্যমিকে (এইচএসসি) দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়ছে না। এ ক্ষেত্রে মেয়েদের সংখ্যাই বেশি। সিলেবাসভীতি, দক্ষ ও যোগ্য শিক্ষকের অভাব, ব্যবসায় শিক্ষা শাখার প্রতি আগ্রহ, বিজ্ঞান শিক্ষার প্রতি মেয়েদের অনীহা এবং অর্থাভাবের কারণে এ অবস্থা দেখা দিয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের এক পরিসংখ্যান থেকে ওই তথ্য জানা গেছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক জানান, ২০০১ সালে এসএসসি এবং ২০০৩ সালে এইচএসসিতে গ্রেডিং পদ্ধতি শুরু হয়। এর মধ্যে ২০০১ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে ৪০ হাজার ৮২৩ জন পরীক্ষায় অংশ নেয়। ২০০৩ সালে এইচএসসি পরীক্ষায় ওই শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার তিনজন অংশ নেয়। ২০০২ সালে ৪৫ হাজার ৯৮৭ জন বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দেয়। ২০০৪ সালে ওই শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১০ হাজার ৩০০ জন। এক লাফে এত শিক্ষার্থী কমে যাওয়ার নজির মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় নেই। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সিলেবাসভীতি থেকেই বিভাগ পরিবর্তন করছে বলে প্রাথমিকভাবে মনে হয়।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এসএসসিতে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেয় তিন লাখ ৪৩ হাজার ৩৯ জন। এর মধ্যে ছেলে দুই লাখ দুই হাজার ৭৮১ জন ও মেয়ে এক লাখ ৪০ হাজার ২৫৮ জন। অন্যদিকে ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেয় এক লাখ দুই হাজার ৫৫১ জন। এর মধ্যে ছেলে ৬৭ হাজার ২২৫ জন এবং মেয়ে ৩৫ হাজার ৩২৬ জন।জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক নিজামুল করিম বলেন, ‘বিজ্ঞানের সিলেবাস শিক্ষার্থীদের জন্য একটা বোঝা। তার ওপর বিজ্ঞান পড়ানোর জন্য যোগ্য শিক্ষক নেই। সাধারণত কোনো শিক্ষার্থী নিজে পড়ে তা রপ্ত করতে পারে না। সামর্থ্য না থাকার কারণে এসএসসির অভিজ্ঞতা নিয়ে অনেকেই এইচএসসিতে বিজ্ঞান পড়তে চায় না। বিজ্ঞান শিক্ষা দিন দিন পিছিয়ে যাচ্ছে।’শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘যোগ্য শিক্ষকের সংকটই বিজ্ঞান শিক্ষায় দৈন্যতার কারণ। জাতিকে বিজ্ঞানমনস্ক রাখতে হলে বিজ্ঞান শিক্ষাকে বাঁচিয়ে রাখতে হবে। পরিসংখ্যান বলছে, বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়ত কমছে।’ কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ ও রসায়ন বিভাগের প্রবীণ শিক্ষক এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘তুলনামূলকভাবে আগের চেয়ে বর্তমান সিলেবাস অনেক কঠিন। একই সঙ্গে এসএসসিতে কাঙ্ক্ষিত জিপিএ না পেয়ে অনেকে উচ্চমাধ্যমিকে বিজ্ঞানে ভর্তি হয় না।’কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পদার্থবিজ্ঞানের শিক্ষক কুণ্ডু গোপীদাস বলেন, ‘পুরো দেশেই বিজ্ঞানে শিক্ষার্থী কমে যাচ্ছে। শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে ভর্তি না হলে প্রযুক্তিগত শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে। বোর্ডের অধিভুক্ত বিভিন্ন কলেজে গিয়ে আমরা শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তার পরও এ পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্রকে সবার আগে ভূমিকা নিতে হবে।’