এইচএসসিতে বিজ্ঞানের পরীক্ষার্থী কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা দুই বছর ধরে কমে যাচ্ছে। গত বছরের চেয়ে এ বছরের আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী বাড়লেও ২০১৫ সালে এসএসসি পাস করা প্রায় ছয় হাজার বিজ্ঞান শিক্ষার্থী এইচএসসিতে অনুপস্থিত।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০১৫ সালের বরিশাল শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাস করে ১৭ হাজার ৩১০ শিক্ষার্থী। কিন্তু এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ হাজার ৪৪৭ শিক্ষার্থী। এতে ৫ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী কমে গেছে। তবে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার চেয়ে এবার ৪ হাজার ৮৭৪ পরীক্ষার্থী বেড়েছে।
বোর্ডের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে সবচেয়ে কম পরীক্ষার্থী ঝালকাঠি জেলায় আর সবচেয়ে বেশি বরিশাল জেলায়। ঝালকাঠি জেলার পরীক্ষার্থীর সংখ্যা ৭০৭ জন। আর বরিশালে ৪ হাজার ৮৯ জন। ২০১৬ সালেও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ঝালকাঠি জেলায় সবচেয়ে কম ও বরিশাল জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ছিল।
বোর্ড সূত্র জানায়, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩৩২ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬১ হাজার ৫৬২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। বিভাগের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার ১১৬ কেন্দ্রে ১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম স্বাক্ষরিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত জুয়েল প্রথম আলোকে বলেন, বরিশাল বিভাগে বিজ্ঞানে শিক্ষার্থী কমে যাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ কম। এসব শিক্ষার্থী ও অভিভাবকেরা এখনো মনে করেন বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করলে ভালো ফলাফল না করলে কোনো মূল্য নেই। আর বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করা মানেই হলো চিকিৎসা ও প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা। এ ছাড়া গ্রামপর্যায়ে বিজ্ঞান বিষয়ে পড়াশোনার জন্য বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় শিক্ষক ও বিজ্ঞানাগার-সংকট থাকার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক সংকট রয়েছে। এটাও বিজ্ঞান শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীদের অমনোযোগী হওয়ার একটা কারণ।
গেল দুই বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞানে শিক্ষার্থী কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এবং অন্যত্র চলে যাওয়ার কারণে এটা হচ্ছে। যেমন গেল বছর প্রায় ৩০০ শিক্ষার্থী বিভিন্ন কলেজে তাদের ভর্তি বাতিল করে টেকনিক্যাল ও নার্সিং কলেজে ভর্তি হয়েছে।
এ ব্যাপারে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘কেউ বিজ্ঞানে ভালো ফলাফল পেয়ে রাজধানীর নামীদামি কলেজে চলে যায়। কেউ বা কারিগরি শিক্ষায় যায়। এ ছাড়া বিজ্ঞান নিয়ে ভালো ফলাফল না পেয়ে অন্য বিভাগে চলে যাচ্ছে। পাশাপাশি শহরের তুলনায় গ্রামের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহ কম। এর কারণ সেখানকার স্কুলে বিজ্ঞানের শিক্ষক নেই, নেই বিজ্ঞানাগার। তবে বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষার ওপর বেশি জোর দিচ্ছে। যেখানে বিজ্ঞানের শিক্ষক নেই সেখানে শিক্ষক নিয়োগ, বিজ্ঞানাগার গড়ে তোলা হচ্ছে। সরকারের এসব ইতিবাচক কাজের ফলাফল অচিরেই প্রতিফলন ঘটবে। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে গড়ে তোলার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’