চট্টগ্রাম বোর্ডের অধীনে নগরের এমইএস কলেজ কেন্দ্রে গতকাল শুক্রবার ভিন্ন সেটে পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।অন্যান্য পরীক্ষাকেন্দ্রে ‘ক’ সেটের প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু শুধু ওই কেন্দ্রে ‘খ’ সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এ নিয়ে শিক্ষার্থীদের কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই বলে বোর্ড কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা এমইএস কলেজ কেন্দ্রের পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সেভাবেই বিষয়টি বিবেচনা করব। এ নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেছেন, ‘তদন্তের মাধ্যমে এ ঘটনার কারণ যাচাই করে আমরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ জানা গেছে, গতকাল পরীক্ষা শেষে এমইএস কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীর সঙ্গে অন্য কেন্দ্রের পরীক্ষার্থীদের আলাপ-আলোচনার সময়ে এ ভুলটি ধরা পড়ে। এ ব্যাপারে এমইএস কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব নজরুল ইসলাম বলেন, ‘আসলে ভুলক্রমে ভিন্ন সেটের প্রশ্নপত্র সংগ্রহ এবং তাতেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অনুরোধ জানিয়েছি, যেন সহানুভূতির সঙ্গে এ কেন্দ্রের ছাত্রছাত্রীদের উত্তরপত্র বিবেচনা করেন।’