এইচএসসিতে মফস্বলেও বেড়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি। এ বছর জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ৬০২ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিলেন দুই হাজার ২২৯ জন। জিপিএ-৫ পাওয়ার সংখ্যা শহরের পাশাপাশি গ্রামের কলেজগুলোয়ও বেড়েছে।রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে এবার ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। কলেজের অধ্যক্ষ আবদুল মালেক জানান, তাঁর কলেজ থেকে এবার ৩৬৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পাসের হার ৭৪ শতাংশ। গতবার তাঁর কলেজ থেকে ১৭ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এই কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসাদুজ্জামান বলেন, ‘মফস্বলের কলেজ থেকেও ভালো ফলাফল করা যায়। এটা কোনো বিষয় নয়।’চারঘাটের সরদহ কলেজ থেকে এবার ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এবার তাঁদের কলেজ থেকে গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার এ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন ৩৪৬ জন। পাসের হার ৭৪ শতাংশ। গতবার এ কলেজ থেকে ১৪ জন জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি আরও বলেন, এসএসসিতে ভালো ফলাফল করলেই শিক্ষার্থীরা শহরের কলেজে যেতে চায়। এখন মফস্বলের কলেজেও ভালো ফলাফল হচ্ছে। একই উপজেলার ডাকরা ডিগ্রি কলেজ থেকে এবারই প্রথম চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। কলেজের অধ্যক্ষ মো. তজিম উদ্দিন বলেন, ‘আমরা শহরের কলেজের চেয়ে কখনোই কম যত্ন নিই না।’ ভালো ছাত্র না পাওয়ায় তাঁরা ভালো ফলাফল দেখাতে পারেন না বলে তিনি দাবি করেন।তানোরের আবদুল করিম সরকার ডিগ্রি কলেজ থেকে এবার ২৩ জন জিপিএ-৫ পেয়েছেন। কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, তাঁদের কলেজ থেকে ২২২ জন পরীক্ষা দিয়েছিলেন। পাসের হার ৭৩ শতাংশ। গতবার তাঁর কলেজ থেকে পাঁচজন জিপিএ-৫ পেয়েছিল। তিনি বলেন, শুধু শহর নয়, গ্রামের কলেজেও ভালো পড়াশোনা হয়, এ ফলাফলই তার প্রমাণ।