চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার খাতা (উত্তরপত্র) পুনঃ নিরীক্ষণে ৯৯ জনের ফলাফল পরিবর্তিত হয়েছে। গতকাল মঙ্গলবার পুনঃ নিরীক্ষণের ফলাফল ঘোষিত হয়েছে। গত বছর একই পরীক্ষায় ফলাফল পরিবর্তিত হয় ৫২ জনের।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘কাজ করতে গেলে কিছু ভুল হয়। সে জন্যই আমরা পুনঃ নিরীক্ষণের ব্যবস্থা রেখেছি। তবে এই ভুলের পরিমাণ কমিয়ে আনার জন্য আমরা প্রধান পরীক্ষককে সতর্কমূলক নির্দেশনা দিয়ে থাকি। তা ছাড়া ভুলের জন্য দায়ী পরীক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পরীক্ষণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা যায়, পুনঃ নিরীক্ষণে ৯৯ জনের ফলাফল পরিবর্তিত হয়েছে। তাঁদের মধ্যে নতুন করে পাস করেছেন ২২ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। ছয়জন পরীক্ষার্থীর বিষয়ওয়ারি জিপিএর পরিবর্তন হলেও সামগ্রিকভাবে তাঁরা অকৃতকার্যই রয়েছেন। একইভাবে জিপিএ-৫ পাওয়া ১৫ জন পরীক্ষার্থীর বিষয়ওয়ারি জিপিএর পরিবর্তন হলেও ফলাফল একই রয়েছে। এ ছাড়া বাকিদের জিপিএ পরিবর্তিত হয়েছে। সূত্রমতে, পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হওয়ায় চার হাজার ৪১০ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী টেলিটকের মাধ্যমে উত্তরপত্র পুনঃ নিরীক্ষার জন্য আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ হাজার ৮১৪টি উত্তরপত্র পুনঃ নিরীক্ষা করা হয়। কারণ, তাঁদের মধ্যে একেকজন একাধিক বিষয়ের জন্য পুনঃ নিরীক্ষার আবেদন করেন।গত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত পরীক্ষার্থীদের কাছ থেকে সরকারি মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে খাতা পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন চাওয়া হয়। ১৮ জুলাই ফলাফল প্রকাশিত হয়।