চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রে কয়েকটি বড় ধরনের ভুল ধরা পড়েছে। ভুল প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়ে পরীক্ষার্থীরা। পরীক্ষার কাজে দায়িত্বরত শিক্ষকেরাও এই ভুল প্রশ্নপত্র সম্পর্কে কোনো ধরনের সংশোধনী বা নির্দেশনা দিতে পারেননি। ফলে অনেকে ১২ নম্বর মানের প্রশ্নটির উত্তর লিখতে পারেনি। কোনো কোনো কলেজে কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের বিষয়টি নিয়ে বকাঝকা করেন বলেও অভিযোগ উঠেছে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ফরহাত লামিসা প্রথম আলোকে বলে, ‘প্রশ্নপত্রে ভুল থাকায় আমরা সিদ্ধান্তহীনতায় ভুগেছি। হলের শিক্ষকেরাও আমাদের কোনো নির্দেশনা দিতে পারেননি। এতে অযথা সময় নষ্ট হয়েছে।’ ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আদিব খালিদও একইভাবে সমস্যা তুলে ধরে।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের মধ্যে বিলি করা হয় ‘নাসপাতি খ সেট’। প্রশ্নপত্র পাওয়ার কিছুক্ষণের মধ্যে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থীরা হইচই শুরু করে। ১০০ নম্বরের প্রশ্নপত্রের তৃতীয় পৃষ্ঠার ‘সি’ অংশের ১১ নম্বর প্রশ্নটির উত্তরদান ছিল বাধ্যতামূলক। কিন্তু এই বাক্য মিলকরণ সারণি (সাবস্টিটিউশন টেবিল) শিক্ষার্থীদের মারাত্মক সমস্যায় ফেলে। এ সারণির বি, সি ও ডি কলামের নিচের দিকের ছয়টি ঘর ছিল খালি। ফলে পরীক্ষার্থীরা সঠিকভাবে বাক্য তৈরি করতে পারেনি। চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন বলেন, ‘এই ভুল মারাত্মক সমস্যার সৃষ্টি করেছে। দায়িত্বরত শিক্ষকদেরও এ সম্পর্কে কিছু জানানো হয়নি। ফলে অনেক পরীক্ষার্থী ১২ নম্বর মানের প্রশ্নের উত্তর দিতে পারেনি। আবার অনেকে প্রশ্নটি নিয়ে অযথা সময় নষ্ট করেছে।’ এ ছাড়া প্রশ্নপত্রে আরও কিছু ভুল ছিল বলে শিক্ষক ও পরীক্ষার্থীরা জানায়। যেমন প্রশ্নপত্রের ৩ এর এ (৩.ধ) শূন্যস্থান পূরণের ঘরে লেখা ছিল in old days puppet show was liked (greet).....people. ইংরেজির শিক্ষকেরা বলেন, প্রশ্নটি ভুল। এ বাক্যে মত্ববঃ এর পরিবর্তে মত্বধঃ শব্দটি বসবে। কিন্তু পরীক্ষাকেন্দ্রে এ প্রশ্নটিরও কোনো সংশোধনী ছিল না। একইভাবে ৯ ও ১০ নম্বর প্রশ্নে ব্যাকরণের ভুল আছে বলে ইংরেজির একজন শিক্ষক জানান। প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বলেন, ‘কী কারণে ভুল হলো, কার ভুল হলো—সেটা আমরা তদন্ত করে দেখব। তবে মনে হচ্ছে ছাপাখানা অর্থাৎ কম্পিউটারে ভুলটা হয়েছে।’ বোর্ড চেয়ারম্যান পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আমরা পরীক্ষকদের সঙ্গে বৈঠক করে নির্ধারণ করব কীভাবে ওই প্রশ্নের নম্বর দেওয়া যায়। ছাত্রছাত্রীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিক বিবেচনায় রেখে নম্বর দেওয়া হবে।’