এইচএসসির গণ্ডিও পেরোলেন সূর্যমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যমনি হেমরন
সূর্যমনি হেমরন

জন্ম থেকেই বাঁ হাতটি নেই। ডান হাতটিও অনেকাংশে বিকল। এ হাতে মাত্র চারটি আঙুল। সেগুলোও অস্বাভাবিক। এ হাতেই কলম আঁকড়ে একের পর এক শিক্ষাজীবনের কঠিন পথ পাড়ি দিয়ে যাচ্ছেন মেয়েটি। এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
মেয়েটির নাম সূর্যমনি হেমরন। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের আদিবাসী পল্লির রাফি হেমরনের মেয়ে।
মেয়েটির পারিবার জানায়, বাঁ হাত ছাড়াই জন্ম নেয় মেয়েটি। ডান হাতও অস্বাভাবিক। এ হাতে মাত্র চারটি আঙুল। তাও অস্বাভাবিক রকমের আঁকাবাঁকা। তবু বাবা-মায়ের আদরে বেড়ে ওঠে সূর্যমনি। একদিন সেই অস্বাভাবিক হাত দিয়েই লিখতে চেষ্টা করে। সফলও হয়। নারগুন উচ্চবিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি ও আবুল হোসেন মহাবিদ্যালয় থেকে চলতি বছর এইচএসসির গণ্ডি পার হয় সূর্যমনি।
সূর্যমনি বলেন, ‘পড়ালেখা শেষ করে একটি চাকরি পেলে মা-বাবাকে নিয়ে সুখে থাকতে পারব, শোধ করতে পারব মানুষের ঋণ।’ বলতে বলতে দুচোখ দিয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল।