নারায়ণগঞ্জ কলেজে এইচএসসির নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে গতকাল শনিবার ছাত্রী শাখার হিসাববিজ্ঞান পরীক্ষা বাতিল করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, নারায়ণগঞ্জ কলেজ থেকে আগামী বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এ বছর এক হাজার ৬৫০ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছে। বাণিজ্য শাখা থেকে এক হাজার ৪০০ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিদিন দুই শিফটে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ছেলেদের সকালের শিফট ও মেয়েদের দুপুরের শিফটে পরীক্ষা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় গতকাল সকালে ছেলেদের হিসাববিজ্ঞান পরীক্ষা নেওয়া হলেও বিকেলে মেয়েদের পরীক্ষা বাতিল করা হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা বলেন, শুক্রবার রাত আটটা ৫৪ মিনিটে এবং ১১টা ৩৭ মিনিটে তাঁর মুঠোফোনে কল দিয়ে এক ছেলে জানায়, হিসাববিজ্ঞানের প্রশ্নপত্রের একটি অঙ্কে সমস্যা রয়েছে এবং জিজ্ঞেস করে এ সমস্যা কীভাবে সমাধান করা হবে? এ কথা শুনে তিনি বুঝতে পারেন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে।বিরাজ কুমার সাহা আরও বলেন, প্রতিটি পরীক্ষার জন্য দুই সেট প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। যে প্রশ্নটি ফাঁস হয়েছে সেটি বাদ দিয়ে অন্য প্রশ্ন দিয়ে সকালে ছেলেদের পরীক্ষা নেওয়া হয়েছে। তবে বিকেলে নির্ধারিত মেয়েদের পরীক্ষা বাতিল করা হয়। তাঁর ধারণা, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে।বিরাজ কুমার সাহা বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গভর্নিং বডিকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কলেজের একটি সূত্র অভিযোগ করে, কলেজে হিসাববিজ্ঞানের মোট পাঁচজন শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে দুজন এমপিওভুক্ত এবং বাকি তিনজন এমপিওভুক্ত নন। এই পাঁচজনের মধ্যে কোচিং নিয়ে অসম প্রতিযোগিতা রয়েছে। এর জের ধরে কোনো একজন শিক্ষক নিজের কোচিং সেন্টারের অবস্থান ভালো করতে প্রশ্নপত্র ফাঁস করে থাকতে পারেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে।