রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজের দুই শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। এ কারণে তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না।
ভুক্তভোগী আবদুর রহমান ও হাসান আলী অভিযোগ করে, আজ রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তারা কলেজে গত ডিসেম্বরে টাকা জমা দেয়। তখন তাদের প্রত্যেকের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা করে নিয়ে ফরম পূরণ করা হয়। গতকাল শনিবার সকাল থেকে কলেজের ২৬৪ জন পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়। কিন্তু তারা পায়নি। বিকেলে তাদের ফিরিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ।
এই দুই শিক্ষার্থী আরও বলে, গতকাল আরও ছয় শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি। কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমনটি ঘটেছে।
টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীরা এবার ফরম পূরণ করেনি। এ জন্য তাদের নামে কোনো প্রবেশপত্র ইস্যু হয়নি।
ইউএনও নাছরিন আক্তার বলেন, তিনি বিষয়টি জানেন না, তবে খোঁজ নিয়ে দেখবেন।