রংপুরের তারাগঞ্জের তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অভিভাবক, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার ফি, কেন্দ্র ফি, সনদ, স্কাউট ও জাতীয় শিক্ষা সপ্তাহসহ সব মিলে বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৭১০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য এক হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণের জন্য দুই হাজার ৫০ টাকা করে ফি আদায় করছে। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষ বেতন ছাড়াও নানা ফি দেখিয়ে আরও এক হাজার থেকে দেড় হাজার টাকা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী জানায়, ভর্তির সময় সেশন ফি দেওয়ার পরও ফরম পূরণের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা নেওয়া হচ্ছে। আনছারুল ইসলাম নামের এক অভিভাবক জানান, তিনি দেড় হাজার টাকা বেশি ছেলের ফরম পূরণ করেন।