এইচএসসির ফরম পূরণ করল সেই ৩১ শিক্ষার্থী
এইচএসসির ৩১ পরীক্ষার্থীকে অবশেষে ফরম পূরণ করতে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার তারা ফরম পূরণ করেছে।হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জনাব আলী (ডিগ্রি) কলেজে এইচএসসি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় ৩১ জন পরীক্ষার্থীকে ফরম পূরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এ পরিপ্রেক্ষিতে গতকাল প্রথম আলোতে ‘এইচএসসির ৩১ পরীক্ষার্থীকে ফরম পূরণে বাধা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। গতকাল ওই কলেজের পরিচালনা পর্ষদ জরুরি সভা ডেকে ৩১ জন শিক্ষার্থীকে ফরম পূরণের অনুমতি দেয় ও ৩৮ জনের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।এইচএসসি পরীক্ষার্থীরা বলে, ৩১ জনের সবাইকে ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও অতিরিক্ত টাকা ঠিকই নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, ফরম পূরণের মূল ফি এক হাজার ৬৯০ টাকা। কিন্তু কোচিং ফি ৮০০ এবং বিবিধ বাবদ ৫৯০ টাকা নেওয়া হচ্ছে।জনাব আলী কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলী রহমান বলেন, ‘অন্যান্য কলেজে অতিরিক্ত ফি নিলে দোষ নাই, আমরা নিলেই দোষ।’বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ভূইয়া জানান, জিডি প্রত্যাহারের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ গতকাল বিকেল পর্যন্ত কিছুই জানায়নি।