শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীরেন শিকদারের বাবার নামে প্রতিষ্ঠিত মাগুরার শালিখা উপজেলার সিংড়া বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে তিন গুণ অর্থ নেওয়া হচ্ছে। ফরম পূরণে বোর্ডের নির্ধারিত সর্বোচ্চ ফি এক হাজার ৬৮৫ টাকা হলেও এই কলেজে নেওয়া হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা।কলেজ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য ১৮ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ নোটিশ দেন। নোটিশে ফরম পূরণের জন্য চার হাজার টাকা ফি নির্ধারণ করা হয়। যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য অথবা অনিয়মিত, তাদেরকে অতিরিক্ত আরও ৫০০ থেকে এক হাজার টাকা বেশি দিতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। আগামীকাল শনিবার ফরম পূরণের শেষ দিন।অভিভাবকেরা জানান, কলেজ-সংলগ্ন এ অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্র কৃষিজীবী। তাদের অনেকেরই সন্তানদের পড়ালেখা করানোর সামর্থ্য নেই। ভর্তির সময় ভবন নির্মাণের কথা বলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছিল। এখন ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে তিন গুণ অর্থ নেওয়া হচ্ছে। একসঙ্গে এত টাকা জোগাড় করতে গিয়ে অভিভাবকেরা হিমশিম খাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জোগাড় করার সামর্থ্য অনেকেরই নেই।স্থানীয় ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) দফাদার নুরুল ইসলাম বলেন, ‘আমার ছেলে আবু হাসান আর্টসের থেকে পরীক্ষা দেবে। ফরম ফিলাপ করাতি চার হাজার টাকা লাগবে। সামান্য বেতন পাই, এত টাকা আমি পাব কোথায়? ৫ জানুয়ারির আগে বেতন পাব না। ফরম ফিলাপের শেষ দিন ২২ ডিসেম্বর। এখন কি করব সে চিন্তায় মাথা ঘুরে যাচ্ছে। ছেলেডা কান্নাকাটি করছে।’নাম প্রকাশ না করার শর্তে কলেজের দুজন শিক্ষক জানান, কলেজটির প্রতিষ্ঠাতা সাংসদ বীরেন শিকদার। তাঁরই ছোট ভাই কলেজের অধ্যক্ষ। আরেক ভাই বিমলেন্দু শিকদার কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। সাংসদ নিজেও পরিচালনা পর্ষদের দাতা সদস্য। তাই কলেজ চলে তাঁদের মর্জিতে। এখানে কোনো অনিয়ম-দুর্নীতি নিয়ে শিক্ষক-কর্মচারীদের উচ্চবাচ্য করার সুযোগ নেই। ফরম পূরণে টাকা বেশি নেওয়ার কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ শিকদার বলেন, ‘কলেজে আমার বসার জায়গাও নেই। তাই একটু বেশি নেওয়া হচ্ছে। আমরা তো আগে বেতন নিতাম না। এখন কিছু কিছু নিচ্ছি।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু দাউদ জানান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ফরম পূরণের ফি এক হাজার ৩১৫ টাকা। বিজ্ঞানে ১০০ টাকার মতো বেশি। সব মিলিয়ে সর্বোচ্চ এক হাজার ৬০০ থেকে ৭০০ টাকা নেওয়া যেতে পারে। কোনো কলেজ এর বেশি আদায় করলে তা হবে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। মন্ত্রণালয়ের এ ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে।