এইচএসসির ফল ই-মেইলে প্রথম কাগজবিহীন ফল
২৭ জুলাই উচ্চমাধ্যমিক (এইচএসসি), আলিম ও এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ই-মেইলে ফল পাঠানো হবে। প্রতিষ্ঠানগুলো ই-মেইল থেকে ডাউনলোড করে ফল প্রকাশ করবে। এবার পাঁচটি মানদণ্ডে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হবে।গতকাল রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, ২৭ জুলাই বেলা দুইটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে।এতে কাগজবিহীন ফল প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ই-মেইলে পাওয়া ফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য (www.educationboard.gov.bd) ওয়েবসাইট ব্যবহার করবে। ফল ডাউনলোড করার পদ্ধতি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) পাওয়া যাবে। সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে ফল পাওয়ার পদ্ধতি টেলিটকের বিজ্ঞপ্তিতে জানা যাবে।পাঁচ মানদণ্ডে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই: সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর শীর্ষ প্রতিষ্ঠান বাছাইয়ে নতুন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। এ পদ্ধতিতে পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে সেরা প্রতিষ্ঠান বাছাই করা হবে। এগুলো হলো: নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানে গড় জিপিএ। উল্লেখ্য, গত এসএসসি পরীক্ষার ফলাফলের সময় এই পাঁচটি মানদণ্ডে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুনর্নিরীক্ষণের জন্য সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।