এইচএসসির ফল ঘোষণার দিন থেকে নিখোঁজ অক্ষয়

‘এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। আশা ছিল এইচএসসিতেও জিপিএ-৫ পাবে। কিন্তু এ পেয়েছে। ফলাফল জানার পর থেকে ছেলেটা নিখোঁজ। প্রথম দিন ভাবছিলাম মন খারাপ করে কোনো আত্মীয়ের বাড়িতে গেছে। থানায় জিডি করেছি, আত্মীয়দেরও জানিয়েছি। তবু খোঁজ মিলছে না। আমি এখন কী করি?’
এ রকম আর্তনাদ নিয়ে গত বুধবার রাতে প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসেছিলেন জ্যোৎস্না রানী দাস। সিলেট নগরের পনিটুলা এলাকার বাসিন্দা জ্যোৎস্নার ছেলে অক্ষয় দাসকে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার দিন থেকে পাওয়া যাচ্ছে না। পরদিন তিনি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জ্যোৎস্না জানান, তাঁর দুই ছেলের মধ্যে অক্ষয় ছোট। বড় ছেলে দুবাইপ্রবাসী। এইচএসসির ফল ঘোষণার দিন জিপিএ-৫ পাবে, এমন আশা নিয়ে বাসা থেকে বের হয় অক্ষয়। সে সিলেটের এমসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ছেলে না ফেরায় মুঠোফোনের মাধ্যমে ফলাফল জেনেছেন। ওই দিন বিকেলে অক্ষয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন তাঁর এক বোন। কাঙ্ক্ষিত ফল না হওয়ায় মন খারাপের কথা জানিয়েছিল।
গতকাল রোববার বিকেল পর্যন্ত অক্ষয়ের খোঁজ মেলেনি। উদ্বিগ্ন সহপাঠীরা অক্ষয়ের ছবিসংবলিত পোস্টার সাঁটিয়ে সন্ধানের চেষ্টা চালিয়েছেন। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, বিভিন্ন থানায় অক্ষয়ের খোঁজে বার্তা পাঠানো হয়েছে।