এইচএসসির ফল বিপর্যয় আমতলী ও তালতলীতে
বরগুনার দুই উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলে বিপর্যয় ঘটেছে। আমতলী উপজেলার কলেজগুলোর গড় পাসের হার ৩২ দশমিক ৮২। অন্যদিকে তালতলীর কলেজগুলোর পাসের হার ৪২ দশমিক ৫৭।
আমতলীর পাঁচটি কলেজ থেকে এবার ১ হাজার ১৮৮ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন মাত্র ৩৯০ জন।এর মধ্যে আমতলী সরকারি কলেজের ৬৮৬ জনের মধ্যে ২৩১ জন (৩৩ দশমিক ৬৭) পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে ছয়জন। বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের ২১৫ জনের মধ্যে ৭১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন একজন। এ ছাড়া ইউনুস আলী খান ডিগ্রি কলেজের ১৮৮ জনের মধ্যে ৫৯ জন, সোনাখালী কলেজের ৩৮ জনের মধ্যে ১৫ জন ও টিয়াখালী কলেজের ৬১ জনের মধ্যে ১৪ জন পাস করেছেন। এ তিন কলেজের কেউই জিপিএ-৫ পাননি।
এদিকে তালতলীর তিনটি কলেজ থেকে ৪৫১ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ১৯২ জন। তালতলী ডিগ্রি কলেজের ৩৮০ জনের মধ্যে ১৭১ জন, শহীদুল ইসলাম কলেজের ৩৮ জনের মধ্যে ২০ জন ও তালতলী স্কুল অ্যান্ড কলেজের ৩৩ জনের মধ্যে মাত্র একজন পাস করেছেন। এ তিন কলেজের কেউই জিপিএ-৫ পাননি।
তালতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বলেন, ‘শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করেনি। এ ছাড়া সৃজনশীল পদ্ধতির কারণে পরীক্ষার্থীরা প্রশ্ন ঠিকমতো বুঝে উঠতে পারেনি। এই দুই কারণে এ ফল বিপর্যয় ঘটেছে।’