এইচএসসির ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানের জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা বোর্ডের সচিব মোল্লা আমির হোসেনকে আহ্বায়ক করে গতকাল বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে বোর্ডের পাঁচজন কর্মকর্তা ও বিভিন্ন কলেজের তিনজন শিক্ষককে রাখা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, আন্তবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মূল্যায়ন প্রতিবেদনে ফলাফল খারাপের বিষয় উল্লেখ থাকবে। এ অবস্থা থেকে উত্তরণে করণীয় বিষয়েও প্রতিবেদনে কিছু সুপারিশ থাকবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, পাসের হার ও জিপিএ-৫ উভয় দিক দিয়ে এ বোর্ড পিছিয়ে। পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯২৭জন, যা বোর্ডের গত ১১ বছরের সর্বনিম্ন। ঘোষিত ফলাফলের ব্যাপারে কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে ১৬ আগস্টের মধ্যে আবেদন করতে বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে।