এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ৪৮ জনের পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০১২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে ৪৮ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ বেড়েছে ছয়টি। একই সঙ্গে নতুন করে ১৩ জন কৃতকার্য হয়েছেন। গতকাল সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের পরীক্ষা শাখা সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ হাজার ৮৯০ জন মুঠোফোন টেলিটকের মাধ্যমে আবেদন করেন। এর মধ্যে ৪৮ জনের ফল পরিবর্তিত হয়। অন্যদের ফলাফল অপরিবর্তিত থাকে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ৭৮ হাজার ৯২৮ জন পরীক্ষা দেন। এর মধ্যে পাস করেন ৫৮ হাজার ২৩২ জন। পাসের হার ৭৪ দশমিক ৬০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ১৫৬ জন।