এইচএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর, পাস ৬৮.৯১%
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সব বোর্ড মিলে পাসের গড় হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।
বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ফলাফল প্রকাশ করা হবে। বেলা একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনের পরপরই সারা দেশের পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নির্ধারিত পদ্ধতিতে মোবাইলেও ফল জানা যাবে। ২৪ থেকে ৩০ জুলাই ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আগের মতোই নির্ধারিত পদ্ধতিতে টেলিটক থেকে আবেদন করতে হবে।
গত ২ এপ্রিল শুরু হয়ে ১৫ মে এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১২ লাখ।
পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফলাফল জানতে পারবেন। যেকোনো মোবাইল থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।