এইচএসসির শিক্ষার্থীরা আবাসনসংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের আবাসনসংকট প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে কলেজের দুটি ছাত্রাবাস সংস্কার না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে অধিকাংশ শিক্ষার্থীকে অতিরিক্ত টাকা খরচ করে মেসে থাকতে হচ্ছে।
উচ্চমাধ্যমিকের (এইচএসসি) কয়েকজন শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, কলেজের শেরেবাংলা ও রবীন্দ্র ছাত্রাবাস বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর মধ্যে শেরেবাংলা ছাত্রাবাসের পৌনে এক একর এবং রবীন্দ্র ছাত্রাবাসের ৪ দশমিক ৫০ একর জায়গা ঝোপজঙ্গলে ভরে গেছে।
কলেজের প্রধান অফিস সহকারী আবু সালেহ মো. শামছুজ্জামান বলেন, এই কলেজে একাদশ শ্রেণিতে ১ হাজার ২০০ জন এবং দ্বাদশ শ্রেণিতে সমসংখ্যক শিক্ষার্থী আছে। এর মধ্যে মাত্র ১৮০ জনের ছাত্রাবাসে থাকার ব্যবস্থা রয়েছে।
কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও নিউ হোস্টেলের (রবীন্দ্র ও সোহরাওয়ার্দী ছাত্রাবাসকে একত্রে নিউ হোস্টেল বলা হয়) তত্ত্বাবধায়ক মো. নূরুল ইসলাম জানান, ১৮৯৯ সালে কলেজ প্রতিষ্ঠা করা হয়। ১৯৩০ সালে নগরের দক্ষিণ চর্থা মৌজার টমছমব্রিজ এলাকায় এইচএসসির হিন্দু শিক্ষার্থীদের জন্য রবীন্দ্র এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য সোহরাওয়ার্দী ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে ছাত্রাবাসের ভেতরের পুকুরের উত্তর পাড়ে রবীন্দ্র ছাত্রাবাস এবং পুকুরের অন্য তিন পাড়ে সোহরাওয়ার্দী ছাত্রাবাস। চার বছর আগে রবীন্দ্র ছাত্রাবাসকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ওই ছাত্রাবাসে আর কোনো শিক্ষার্থী ওঠানো হয়নি। ফলে চার বছর ধরে হিন্দু ছেলেরা ছাত্রাবাসে থাকতে পারছে না।
কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উত্তম কুমার দত্ত বলেন, ‘রবীন্দ্রনাথ ছাত্রাবাসটি মেরামত না করার কারণে আমাদের মেসে থাকতে হচ্ছে। এ জন্য প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা করে ভাড়া দিতে হয়।’
নিউ হোস্টেলের তত্ত্বাবধায়ক নূরুল ইসলাম আরও জানান, বর্তমানে সোহরাওয়ার্দী ছাত্রাবাসের তিনটি ভবন রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশের ভবনে ৪০ জন, পূর্ব পাশের ভবনে ৬০ এবং চারতলাবিশিষ্ট নতুন ভবনে ৮০ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমানে সোহরাওয়ার্দী ছাত্রাবাসেরও ১৫টি কক্ষ অব্যবহৃত রয়েছে। সংস্কার না হওয়ার কারণে ওই কক্ষগুলোতে শিক্ষার্থী ওঠানো যাচ্ছে না। ২০১৩ সালে এক লাখ টাকা দিয়ে সংস্কারকাজ করা হয়। কিন্তু বরাদ্দ কম হওয়ায় পুরো ছাত্রাবাস সংস্কার করা যায়নি।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৩০ সালে শহরের দক্ষিণ চর্থা এলাকায় দশমিক ৭৪ একর জমিতে শেরেবাংলা ছাত্রাবাস নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ছাত্রাবাসটি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এ কারণে ১৯৯৭ সালে প্রকৌশল অধিদপ্তর এটি পরিত্যক্ত ঘোষণা করে। ১৯৯৮ সালে ছাত্রাবাসটি বন্ধ করে দেওয়া হয়। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০০৩-০৪ অর্থবছরে ছাত্রাবাসের পুরোনো ভবনটি সংস্কার করে সেমিপাকা ভবন নির্মাণ করে। ২০০৫ সালে ওই ছাত্রাবাসের নাম পরিবর্তন করে ছাত্রীনিবাস করা হয়। কলেজ কর্তৃপক্ষ সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ করেনি। নিরাপত্তার জন্য ২০০৫ সালের জুলাই মাসে ১০ লাখ টাকা ব্যয়ে সীমানাপ্রাচীর দেওয়া হয়। সীমানাপ্রাচীর দেওয়ার পর উচ্চমাধ্যমিক শাখার ছাত্রীদের কাছ থেকে ছাত্রীনিবাসে থাকার জন্য আবেদন চাওয়া হয়। তখন প্রায় ৩০০ জন ছাত্রী আবেদন করে। অজ্ঞাত কারণে ছাত্রীদের আর আসন বরাদ্দ করা হয়নি। এরপর থেকে সেটি অব্যবহৃত পড়ে আছে। এখন ভবনের ভেতর ঝোপজঙ্গলে ভরে গেছে। এটি এখন আর ব্যবহারের উপযোগী নেই।
কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী আমেনা বেগম বলেন, ছাত্রীনিবাসে আসন বরাদ্দ না পাওয়ায় আত্মীয়স্বজনের বাসা ও মেসে থাকতে হচ্ছে। এতে পড়াশোনার খরচ বেড়ে যাচ্ছে।
কলেজের অন্তত ১০ জন শিক্ষার্থী দাবি করছে, নতুন করে ভবন নির্মাণ করা হলে উভয় ছাত্রাবাসে কমপক্ষে এক হাজার শিক্ষার্থীর আবাসনব্যবস্থা নিশ্চিত হতো। জায়গা থাকা সত্ত্বেও ভবন নির্মাণ না হওয়া দুঃখজনক। মেসে অতিরিক্ত ভাড়া দিয়ে
শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে। অবিলম্বে নতুন ছাত্রাবাস করা হোক।
কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ বলেন, পরিত্যক্ত ছাত্রাবাসগুলোর জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। রবীন্দ্র ছাত্রাবাস লাগোয়া সোহরাওয়ার্দী ছাত্রাবাসের টিনশেডের দুটি ভবনে কিছুটা সংস্কার করে ছাত্রদের রাখা হচ্ছে। বরাদ্দ এলে নতুন ভবন নির্মাণ করা হবে। ছাত্রাবাসগুলো সংস্কারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো বরাদ্দ পাওয়া যায়নি।