এইচএসসির সময়সূচি ঠিক রাখার দাবিতে চট্টগ্রামে পরীক্ষার্থীদের মানববন্ধন
চলতি এইচএসসি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রাখা এবং এ সময়ে হরতাল না দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের একদল পরীক্ষার্থী। তারা গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন হাজী মুহম্মদ মুহসীন কলেজের জয় সেন, চট্টগ্রাম কলেজের রক্তিম বড়ুয়া, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজের হাসান মুরাদ, ওমর গণি এমইএস কলেজের বাঁধন চৌধুরী প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, ৯ এপ্রিল হরতালের কারণে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত হয়েছে। ১১ এপ্রিল পদার্থবিজ্ঞান, অর্থনীতি ও ব্যবসায় নীতি প্রথম পত্রের পরীক্ষা রয়েছে। কিন্তু সেদিনও হরতাল থাকার কারণে পরীক্ষা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পরীক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত পরীক্ষার সূচি পরিবর্তন না করার দাবি করে। তারা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে।