এইচএসসির ১৮টি কেন্দ্র সন্দেহের তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার এইচএসসি পরীক্ষার ১৮টি কেন্দ্র সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এসব কেন্দ্রে তদারকি জোরদার করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, যেসব কেন্দ্রের পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে, সেই কেন্দ্রগুলোকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সন্দেহের তালিকায় থাকা পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেটদের তদারকি জোরদার করার জন্য জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোনো অনিয়ম ধরা পড়লে কেন্দ্র বাতিল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ৫ এপ্রিল সারা দেশে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০টি জেলার ১৮২টি কেন্দ্রে ৮৭ হাজার ১৮২ জন শিক্ষার্থী অংশ নেবে। ১৮২টি কেন্দ্রের মধ্যে যশোরের ১০টি, খুলনার তিনটি, নড়াইলের তিনটি ও বাগেরহাটের দুটি সন্দেহের তালিকায় রয়েছে। কেন্দ্রগুলো হলো সদর উপজেলার রূপদিয়া ডিগ্রি কলেজ, কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ, শহীদ সিরাজউদ্দীন হোসেন ডিগ্রি কলেজ, মনিরামপুরের রাজগঞ্জ কলেজ, শার্শার নাভারণ কলেজ, শেখ আফিল উদ্দীন কলেজ, বাঁকড়া কলেজ, বেনাপোল কলেজ ও বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া কলেজ। খুলনার তিনটি কেন্দ্রের মধ্যে পাইকগাছার আরকেবিকে হরিশ চন্দ্র কলেজিয়েট স্কুল, কপিলমুনি কলেজ ও বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ, বাগেরহাটের শরণখোলা কলেজ ও সেলিমাবাদ কলেজ ও নড়াইলের কালিয়া উপজেলার শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজ, মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ ও মাইজপাড়া কলেজ কেন্দ্র।শিক্ষকদের অনেকে জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্র খোলার মতো যাবতীয় সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠানে কেন্দ্র দেওয়া হয়নি। অথচ রাজনৈতিক বিবেচনায় অখ্যাত অনেক প্রতিষ্ঠানে কেন্দ্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আজমল গনি বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, দূরে কেন্দ্র হলে পরীক্ষার্থীদের আসতে অনেক সমস্যা হয়। যার জন্য পার্শ্ববর্তী ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র করা হয়। পরীক্ষা স্বচ্ছ করতে তদারকি বাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে বিষয়টি নজরে আনা হবে। সন্দেহের তালিকায় থাকা যশোর সদর উপজেলার হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে তাঁদের ফলাফলে ঈর্ষান্বিত হয়ে কেউ অভিযোগ তুলে থাকতে পারে।