এইচএসসির ৩১ পরীক্ষার্থীকে ফরম পূরণে বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জনাব আলী (ডিগ্রি) কলেজে এইচএসসি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় ৩১ জন পরীক্ষার্থীকে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ফরম পূরণের শেষ দিন।জনাব আলী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে এ বছর ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ওঠে। অতিরিক্ত ফি দিতে ব্যর্থ গরিব শিক্ষার্থীরা কোচিং ফি কমানোর দাবি করায় অধ্যক্ষ ৩৮ জনের বিরুদ্ধে ২৫ ডিসেম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাধারণ শিক্ষার্থীরা জানায়, ২০১১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে ১২ ডিসেম্বর থেকে। জনাব আলী কলেজের ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮১ জন ইতিমধ্যে অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করেছে। কিন্তু কিছু গরিব শিক্ষার্থী অতিরিক্ত ফি দিয়ে ফরম পূরণ করতে না পরার বিষয়টি লিখিতভাবে কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামানকে জানালে তিনি ২৩ ডিসেম্বর তাদের ডেকে নিয়ে কম টাকায় ফরম পূরণের আশ্বাস দেন। কিন্তু ২৫ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে দুই গাড়ি পুলিশ এনে অধ্যক্ষ শাফিউজ্জামান প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষার্থীদের পুলিশ দিয়ে লাঠিপেটা করে কলেজ থেকে বের করে দেন। শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে কলেজ ক্যাম্পাসের বাইরে মিছিল করে। পরবর্তী সময় অধ্যক্ষ ৩৮ জনের বিরুদ্ধে জিডি করেন এবং ওই দিনই বিকেল চারটায় ৩১ জন পরীক্ষার্থীকে ফরম পূরণ করতে দেওয়া হবে না মর্মে নোটিশ টানিয়ে দেওয়া হয়।কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘আশা করি আজই এর সমাধান হবে। তবে ৩১ জন পরীক্ষার্থীকে ফরম পূরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত কলেজের পরিচালনা পর্ষদে হয়েছে।’ এ বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বেনজীর জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।