এইচসিডিসি আন্তকলেজ বিতর্কে ঢাকা কলেজ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচসিডিসি (হলিক্রস কলেজ ডিবেটিং ক্লাব) অষ্টম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০১৭-এর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)-বি দল। রানার্সআপ হয়েছে নটর ডেম কলেজ ডিবেটিং ক্লাব (এনডিডিসি) সিলভার দল।

‘বিতর্ক হোক বিপ্লবের হাতিয়ার’ স্লোগান সামনে রেখে হলিক্রস কলেজ ক্যাম্পাসে শুক্রবার শুরু হওয়া দুই দিনের এই বিতর্ক প্রতিযোগিতায় ১১টি কলেজের ২৪টি দল অংশ নেয়।

গতকাল শনিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হলিক্রস কলেজের প্রাক্তন এই শিক্ষার্থী বলেন, ‘আমি’কে ছাড়িয়ে ‘আমরা’য় পৌঁছে যাওয়ার পথ হলো বিতর্ক। বিতর্ক মানুষকে পরমতসহিষ্ণুতা শেখায়। কোনো বিষয়ে ব্যক্তির নিজের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির বাইরেও যে আরও নতুন দৃষ্টিভঙ্গি থাকতে পারে তা জানার সুযোগ দেয় এবং অন্য পক্ষের মতকে শ্রদ্ধা করতে শেখায়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার আসাদুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘সমাজে পরিবর্তন আনতে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। সব সময় ইতিবাচক থাকতে হবে। মনে রাখবে, কিছুই অসম্ভব না।’

আয়োজনের সভাপতিত্ব করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ। তিনি বলেন, বিতর্ক হলো সত্য নিয়ে পক্ষ-বিপক্ষের লড়াই। এই লড়াইয়ের মাধ্যমে নিরপেক্ষ সত্য আবিষ্কৃত হয়। বিতার্কিকদের দায়িত্ব হলো এই সত্যকে ধারণ করা, প্রতিষ্ঠা করা।

এ বছরের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক বা ‘ডিবেটর অব দ্য ডিবেটরস’ নির্বাচিত হন এনডিডিসি-গোল্ড দলের দুই বিতার্কিক সাফওয়ান রহমান ও মোমেন তাজওয়ার। বারোয়ারি বিতর্ক পর্বে প্রথম ও দ্বিতীয় হন হলিক্রস কলেজের ফাহমিদা হক ও নুসরাত কানিজ খান। তৃতীয় স্থান অধিকার করেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মো. তানজীবুল ইসলাম।

অনুষ্ঠানে হলিক্রস কলেজ ডিবেটিং ক্লাবের ম্যাগাজিন কৃৎ-কথন-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। ক্লাবের পক্ষ থেকে কলেজের প্রাক্তন পাঁচ শিক্ষার্থীকে ক্লাবের আজীবন সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয়।

দুই দিনের এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আয়োজন সহযোগী হিসেবে ছিল প্রথম আলো।