এইচ্ছা জাইনলে মাইয়াডারে মাদ্রাসায় হাডাইতাম না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এইচ্ছা জাইনলে মাইয়াডারে মাদ্রাসায় হাডাইতাম না। তার বাপে মেয়েটারে আরও পরে মাদ্রাসায় পাটাইত কইছিল। অঁন তারে (বাবাকে) কী উত্তর দিমু।’ একমাত্র শিশুকন্যাকে হারিয়ে মা বিবি মরিময় এভাবেই মাটিতে বসে কান্নাকাটি করছেন। তাঁর কান্নায় আশপাশের কেউ চোখে পানি ধরে রাখতে পারেনি। মাহমুদা আক্তার তাঁদের একমাত্র সন্তান, বয়স সাড়ে পাঁচ বছর। ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের সৌদি প্রবাসী মমিনুল হকের একমাত্র মেয়ে। মাহমুদাকে মাত্র কয়েক দিন আগে স্থানীয় একটি নূরিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। মাহমুদার বাবা কয়েক দিন আগে টেলিফোন করে মেয়ের বয়স কম বলে আরও কিছুদিন পরে মাদ্রাসায় ভর্তি করতে বলেছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় ফেনী-কোরাইশ মুন্সি বাজার সড়কের স্থানীয় ছাদু মিয়ার বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এলাকাবাসী জানান, শিশুটিকে ধাক্কা দিয়ে পালানোর সময় ওই অটোরিকশাচালক পথিমধ্যে রেজাউল ইসলাম (২৩) ও সিরাজুল ইসলাম (২৫) নামে দুজনকে ধাক্কা দিয়ে আহত করেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।