এইডস অভিশাপ নয়, গুরুতর জনস্বাস্থ্য ইস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণঘাতী রোগ এইডস বা এইচআইভি ভাইরাস সম্পর্কে জনগণের প্রচলিত ধারণা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, জনগণকে সচেতন হতে হবে যে এইডস কোনো অভিশাপ নয়, বরং এটি একটি গুরুতর জনস্বাস্থ্য ইস্যু।
রাজধানীতে গতকাল শনিবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইডস-সংক্রান্ত ১২তম আন্তর্জাতিক কংগ্রেসের (আইক্যাপ) উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, ‘এইডসে আক্রান্ত বহু মানুষ সমাজে অবজ্ঞার শিকার; এটা কাঙ্ক্ষিত নয়। আমাদের এই ধারণায় পরিবর্তন আনতে হবে এবং এইডস সম্পর্কে জ্ঞানের পরিধি আরও বাড়াতে হবে।’
বাংলাদেশ সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, ‘একেবারে প্রাথমিক পর্যায়ে এইচআইভি/এইডস প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক স্থিতিস্থাপকতা যে খুব গুরুত্বপূর্ণ, তা আমাদের দেশ বুঝতে পেরেছে। আমরা এইচআইভির বিস্তার প্রতিরোধে লক্ষণীয় অগ্রগতি লাভ করেছি। কিন্তু আত্মতুষ্টির কোনো জায়গা নেই। কারণ, কোনো সমাজই নিরাপদ নয়, যতক্ষণ পর্যন্ত এর সব সদস্য সাধারণ নিয়মাবলি মেনে চলে, যা আবশ্যিকভাবে জ্ঞানভিত্তিক ও আচরণ দ্বারা পরিচালিত।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ‘পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (পিপিডি) যৌথভাবে তিন দিনব্যাপী এ কংগ্রেসের আয়োজন করে। এতে ৫৬টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পিপিডির নির্বাহী পরিচালক ও আইক্যাপ-এর মহাসচিব জো টমাস প্রমুখ।