এইডস আক্রান্ত রোগীদের প্রতি বৈষম্যমূলক আচরণ রোধ করতে হবে। আর এ জন্য প্রয়োজন জনসচেতনতা। গতকাল বৃহস্পতিবার এইচআইভি/এইডসবিষয়ক একটি কর্মশালায় বক্তারা এ কথা বলেন। সিলেট শহরের একটি রেস্তোরাঁয় ‘বাংলাদেশের এইচআইভি আক্রান্তদের বিষয়ে নানা কুসংস্কার’ নামের কর্মশালাটি আয়োজন করে বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটি।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক শিব্বির আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. গোলাম রব্বানী। আরও বক্তব্য দেন পুলিশের উপকমিশনার আহসান হাবীব, পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের উপপরিচালক সাহা বিধানচন্দ্র, চিকিত্সক ইসমাইল হোসেন পাটোওয়ারী, আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবিবা আক্তার প্রমুখ।বক্তারা বলেন, দেশের বেশির ভাগ মানুষ এইডস আক্রান্ত রোগীদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা নানা কুসংস্কার, বৈষম্য ও তিরস্কারের মুখোমুখি হয়। এ ধরনের মানসিকতার পরিবর্তন করতে হবে। এইডস সম্পর্কে জানতে হবে এবং আক্রান্ত রোগীদের প্রতি কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা যাবে না।