এইডস কর্মসূচিতে কমেছে আন্তর্জাতিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের এইচআইভি ও এইডস-বিষয়ক সংস্থা ইউএনএইডস বলেছে, বাংলাদেশে এইচআইভি সংক্রমণ নিম্ন পর্যায়ে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার শূন্য দশমিক ১ শতাংশের কম। কিন্তু এশিয়া-প্রশান্ত মহাসাগর এলাকায় মাত্র যে চারটি দেশে এই সংক্রমণ বাড়ছে, বাংলাদেশ তার একটি। দেশটিতে এইচআইভি ও এইডস কর্মসূচিতে আন্তর্জাতিক অর্থ-সহায়তা সীমিত হয়ে পড়েছে।
ইউএনএইডসের বার্ষিক বৈশ্বিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সংস্থাটি গত মঙ্গলবার জেনেভা থেকে ‘ফোকাস অন লোকেশন অ্যান্ড পপুলেশন: অন দ্য ফাস্ট-ট্র্যাক টু অ্যান্ড এইডস বাই ২০৩০’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে এইচআইভির ব্যাপারে দেশগুলোর সাড়া ছিল অসাধারণ। বিশ্বে এখন এইডসের চিকিৎসা পাচ্ছে ১৫ কোটি ৮০ লাখ মানুষ। ২০১০ সালে ৭ কোটি ৫০ লাখ মানুষ এবং ২০০৫ সালে ২ কোটি ২০ লাখ মানুষ এইডসের চিকিৎসা পেত। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে এইচআইভিতে সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়। ২০১৪ সালের শেষে দেখা গেছে, নতুন সংক্রমণ ৩৫ শতাংশ কমে গেছে। অন্যদিকে ২০০৪ সালে এইডস সম্পর্কিত মৃত্যু সবচেয়ে বেশি ছিল। বর্তমানে মৃত্যু ৪২ শতাংশ কমে গেছে।
ইউএনএইডস বলছে, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হচ্ছে এবং দেশটি মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে এইচআইভি প্রতিরোধে যে আন্তর্জাতিক সহায়তা ছিল, বাংলাদেশের জন্য তা কমে গেছে। এই খাতে বিনিয়োগবিষয়ক এক বিশ্লেষণ উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, এইডসের মহামারি শেষ করার যে সুযোগ বাংলাদেশের জন্য ছিল, তা হাতছাড়া হওয়ার আশঙ্কা আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিক জনঘনত্বের কারণে বাংলাদেশের ৬৪টি জেলাতেই এইচআইভি সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। বাংলাদেশকে ২০২০ সাল পর্যন্ত প্রতিবছর এই খাতে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। তা হলেই এইচআইভি সংক্রমণ বছরে ৩০০-এর নিচে রাখা সম্ভব হবে। এটা সম্ভব হলে এইচআইভি আর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে থাকবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এইচআইভি প্রতিরোধে এক ডলার বিনিয়োগ করা গেলে ভবিষ্যতে ২১ ডলার চিকিৎসাব্যয় সাশ্রয় করা সম্ভব হবে।
ইউএনএইডস তাদের প্রতিবেদনে বলেছে, টেকসই উন্নয়ন লক্ষ্যে ২০৩০ সাল নাগাদ এইডসের মহামারি শেষ হওয়ার কথা বলা হয়েছে। বিশ্বের দেশগুলো নানা উদ্ভাবনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে যেভাবে এগোচ্ছে, তাতে দ্রুতই এ লক্ষ্য অর্জিত হবে। বর্তমানে বিশ্বের ১৫ কোটি ৪০ লাখ মানুষ এইডসের চিকিৎসা পাচ্ছে। ইউএনএইডসের এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা-কৌশল গ্রহণ করে পাঁচ বছরে দ্বিগুণ রোগীকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে।
ইউএনএইডস দাবি করেছে, আক্রান্ত ব্যক্তিরা অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার সুযোগ পেয়ে জীবন বদলে যাওয়ার অভিজ্ঞতা পাচ্ছে। এরা আরও বেশি দিন বাঁচতে পারছে, তাদের স্বাস্থ্য ভালো থাকছে। এর ফলে এইচআইভি নিয়ে বাস করা মানুষের সংখ্যা বাড়ছে। ২০১৪ সালের শেষে এইচআইভি নিয়ে বাস করা মানুষের অনুমিত সংখ্যা ছিল ৩৬ কোটি ৯০ লাখ।
প্রতিবেদনে বলা হয়েছে, একবার যদি শনাক্ত করা সম্ভব হয়, তা হলে দ্রুতই অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার সুযোগ করে দিতে হবে।