এইডস পরীক্ষার যন্ত্র আছে, কাজ হয় না
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এইচআইভি/এইডসের চিকিৎসা উপযোগিতা নির্ণয়ের জন্য প্রায় এক বছর আগে স্থাপন করা ‘সিডিফোর’ যন্ত্র দিয়ে এখন পর্যন্ত কোনো রোগীর পরীক্ষা করানো সম্ভব হয়নি। প্রয়োজনীয় উপকরণ না থাকায় এটি চালু করা যাচ্ছে না বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, সিডিফোর যন্ত্রের মাধ্যমে এইচআইভি/এইডসে আক্রান্ত দুই ধরনের রোগীর শরীরে প্রতি তিন বা ছয় মাস অন্তর ‘রোগ প্রতিরোধ ক্ষমতা’ কী অবস্থায় আছে, তা পরিমাপ করা যায়। গত বছরের ১১ এপ্রিল এ হাসপাতালে যন্ত্রটি স্থাপন করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিতোশ কুণ্ডু বলেন, ‘ঢাকা থেকে তো ওই মেশিনটি চালু করতে বলছে। কিন্তু প্রয়োজনীয় উপকরণ না থাকায় এটি চালু করতে পারছি না। তাই চলতি অর্থবছরে আমি দরপত্র আহ্বান করার ব্যবস্থা করেছি।’জানা গেছে, খুলনায় এইচআইভি/এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা ১২৭ জন। বেসরকারি সংস্থা মুক্ত আকাশ বাংলাদেশের উদ্যোগে এদের মধ্যে ৫৪ জনের চিকিৎসা চলছে। এসব রোগী অনেক অর্থ ব্যয় ও কষ্ট সহ্য করে কয়েক মাস অন্তর ঢাকায় গিয়ে সিডিফোর যন্ত্রে পরীক্ষা করাতে বাধ্য হয়। এইচআইভি/এইডসে আক্রান্ত নয় বছরের শিশুর এক আত্মীয় বলেন, ‘প্রতি তিন মাস পরপর ওকে নিয়ে সিডিফোর করাতে ঢাকায় যেতে হয়। ঢাকায় যাওয়া-আসার ধকলে ও খুব অসুস্থ হয়ে পড়ে। তা ছাড়া টাকা জোগাড় করতেও খুব কষ্ট হয়।’এইডসে আক্রান্ত এক নারী জানান, এইডস ধরা পড়ার ২২ দিনের মাথায় তাঁর স্বামী মারা যান। এখন দরিদ্র বাবার সামর্থ্যের ওপরই তাঁর চিকিৎসা নির্ভর করছে। টাকার অভাবে তিনি গত নয় মাসেও সিডিফোর করাতে পারেননি। খুলনায় করাতে পারলে হয়তো চিকিৎসা নিয়ে আরও কিছুদিন বাঁচতে পারতেন। মুক্ত আকাশ বাংলাদেশের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেহানা বেগম বলেন, ‘গত বছর ১১ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিডিফোর মেশিনটি চালু করার সময় চিকিৎসকেরা বলেছিলেন, “এখন থেকে আপনারা আক্রান্ত ব্যক্তিদের খুলনায় সিডিফোর করাতে পারবেন।” কিন্তু তারপর আমরা কয়েকবার রোগী নিয়ে পরীক্ষা করাতে গেলেও কোনো ফল হয়নি। আজও মেশিনটি প্যাথলোজি বিভাগে বন্ধ অবস্থায় পড়ে আছে।’ খুলনা জেলা প্রশাসক ও জেলা এইচআইভি-এইডস সমন্বয় কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন জানান, তিনি এ বিষয়ে খুলনার সিভিল সার্জনকে ব্যবস্থা নিতে বলেছেন। খুলনা সিভিল সার্জন গোলাম মুর্তোজা শিকদার বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে এখন খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’