জাতিসংঘের জনসংখ্যা কর্মসূচি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা বলেছেন, এইচআইভি/এইডস প্রতিরোধে কিশোরেরা যৌন জীবনে প্রবেশ করার আগেই তাদের সচেতন করতে হবে। পুরুষেরা দায়িত্বশীল আচরণ করলে এইচআইভি/এইডস ও অন্যান্য যৌন রোগ থেকে সবাই সুরক্ষা পেতে পারে।গতকাল রোববার দ্য ডেইলি স্টার ভবনে ‘বাংলাদেশে এইচআইভি প্রতিরোধে পুরুষদের সম্পৃক্ততা’ শীর্ষক ওই বৈঠক অনুষ্ঠিত হয়।জাতিসংঘের জনসংখ্যা কর্মসূচির (ইউএনএফপিএ) এই দেশি পরিচালক আর্থার আরকেন বলেন, সচেতনতামূলক কার্যক্রমে তরুণদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তৃণমূল থেকে জেলা বা বিভাগীয় শহরের হাসপাতালে পুরুষেরা যেন সহজে এইচআইভি/এইডস-সম্পর্কিত তথ্য পান, সে ব্যবস্থা করতে হবে।আলোচনার শুরুতে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, বাংলাদেশে এইচআইভি/এইডসের প্রকোপ এখনো কম, তার অর্থ এই নয় যে বাংলাদেশ এ রোগ থেকে অব্যাহতি পেয়েছে।ইউনিসেফের এইচআইভি/এইডস বিশেষজ্ঞ ব্রিজিত জবজনসন বলেন, বাংলাদেশে এইচআইভি/এইডসবিষয়ক কর্মসূচি কতটা কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার। তিনি আরও বলেন, সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করা জরুরি।তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন এনজিও, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল বলেন, বাংলাদেশে পথশিশুদের সংখ্যা চার-পাঁচ লাখ। এই বিপুলসংখ্যক শিশু একদিন প্রাপ্তবয়স্ক হবে। সচেতন করলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল আচরণ করবে।অনুষ্ঠানে উপস্থিত তরুণদের প্রতিনিধি ও ইউএনএফপিএর সহযোগিতায় পরিচালিত তরুণদের মোর্চা ন্যাশনাল ইয়ুথ ফোরামের প্রতিনিধি সাফাত হাসান বলেন, ‘আমরা শুধু “বাঁচতে হলে জানতে হবে”, এটুকুই জেনে আসছি। কিন্তু সেবা কোথায় পাওয়া যাবে, সে সম্পর্কে বেশি কিছু জানি না।’ তিনি আরও বলেন, হাসপাতালে গোপনীয়তা রক্ষার ব্যবস্থা নেই। বেশির ভাগ শিক্ষক এইচআইভি/এইডস বিষয়ে পড়াতে চান না।তবে ন্যাশনাল এইডস অ্যান্ড এসটিডি প্রোগ্রামের লাইন ডিরেক্টর মো. আবদুল ওয়াহিদ বলেন, সংক্রামক রোগ প্রতিরোধে নারী-পুরুষ উভয়কেই সচেতন হতে হবে।আন্তর্জাতিক অভিবাসী সংস্থার কর্মকর্তা সমীর কুমার হাওলাদার বিদেশগামী ও বিদেশফেরত শ্রমিকদের এইচআইভি/এইডস সম্পর্কে ভালোভাবে জানানোর কথা বলেন। ফ্যামিলি হেলথ ইনিশিয়েটিভের কর্মকর্তা শামীম কবীর বলেন, এইচআইভি/এইডস রোধে পুরুষদের সম্পৃক্ততার মাধ্যমে কিছু ক্ষেত্রে যেসব অগ্রগতি হয়েছে, তা প্রচার করা দরকার।অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার-এর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স সম্পাদক শাহেদ আনাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক এনামুল হক, সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফাদিয়া সুলতানা, ইউএনএফপিএর সহকারী পরিচালক হাসিনা বেগম, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের এপিডেমিওলজিস্ট নজিমুল আলম, ফ্যামিলি হেলথ ইনিশিয়েটিভের কান্ট্রি ডিরেক্টর মিস্টি ম্যাকডোয়েল, কিশোর ম্যাগাজিন টইটুম্বুর-এর সম্পাদক হাসনাইন সাবিহ প্রমুখ বক্তব্য দেন।