এইডস সচেতনতায় গণমাধ্যমের আরও সক্রিয় ভূমিকা কামনা
এইচআইভি-এইডস রোধে সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর জন্য এইচআইভি রোধে যাঁরা কাজ করছেন, তাঁদের সঙ্গে গণমাধ্যমের নিবিড় যোগাযোগ তৈরি হওয়া দরকার। এ বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরির সময় গণমাধ্যমকে আরও সহনশীল হতে হবে। গতকাল রোববার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে আয়োজিত ‘এইচআইভি সংক্রমণ রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ডেইলি স্টার কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার এরকান। তিনি বলেন, এইডস বিষয়ে সচেতনতা তৈরি করতে হলে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদেরও সচেতন করতে হবে।এইডস-সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের বিষয়ে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের তাগিদ দেন ইউএনএইডসের বাংলাদেশ প্রতিনিধি লিও কেনি। জনপ্রিয় ব্যক্তিত্বদের এইডস বিষয়ে সচেতনতা তৈরির প্রচারকাজে নিয়োজিত করার পরামর্শ দেন তিনি। ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘মানুষের যৌন ব্যবহার খুবই ব্যক্তিগত একটা বিষয়। এটা নিয়ে মানুষ খুব একটা মুখ খুলতে চায় না। আমাদের মতো সমাজে এ সমস্যা আরও প্রকট। তাই গণমাধ্যমও এসব বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে অনেক সাবধানে চলে।’ তিনি একটি বিজ্ঞাপনের কথা উল্লেখ করে বলেন, বাঁচতে হলে জানতে হবে। তবে কী জানতে হবে, তা জানানো হয় না বিজ্ঞাপনে। সামাজিক বিধিনিষেধের জন্যই এমনটা হয়।মাহ্ফুজ আনাম আরও বলেন, এইচআইভির মতো সামাজিকভাবে স্পর্শকাতর বিষয়গুলো গণমাধ্যমে আরও পরিষ্কারভাবে উপস্থাপনে অন্যান্য মাধ্যমের চেয়ে সংবাদপত্র বেশি সাহসী ভূমিকা নিতে পারে। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, গণমাধ্যম দুভাবে এইডস বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করতে পারে। এই রোগটি কীভাবে ছড়ায়, সে বিষয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রচার করতে পারে। আবার যাঁরা এইডসে আক্রান্ত হয়েছেন, তাঁদের সমাজবিচ্ছিন্ন করে ফেলার যে প্রবণতা আছে, তার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে পারে। বিবিসি বাংলা বিভাগের সম্পাদক সাবির মুস্তাফা বলেন, মানুষকে সচেতন করতে গণমাধ্যমের প্রতিবেদন করা উচিত। কিন্তু একই সঙ্গে খেয়াল রাখতে হবে, প্রতিবেদনগুলো যেন উন্নয়ন-সহযোগীদের কোনো প্রকল্পের অংশ না হয়, তাতে প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশনস প্রোগ্রামের (বিসিসিপি) উপপরিচালক জিন্নাত সুলতানা বলেন, এইডস-সংক্রান্ত সংবাদ এখন দিবসকেন্দ্রিক হয়ে গেছে। এ-সংক্রান্ত সংবাদ পরিবেশনে পরিসংখ্যান ব্যবহারের আধিক্য দেখা গেলেও মানবিক আবেদনধর্মী লেখা কম। আলোচনায় স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টার-এর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স এডিটর ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান। গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন ইউএনএফপিএর এজাজুল হক, জাতিসংঘ তথ্যকেন্দ্রের কর্মকর্তা কাজী আলী রেজা, বেসরকারি সংগঠন বন্ধুর এ এস এম রহমতউল্লাহ, আহমেদ আমিনুল হক, হাসিনা শিপ্রা, সমির হাওলাদার, আখতার জাহান, সৈয়দ কামরুল হাসান।