আরাকান লিবারেশন পার্টি (এএলপি) বলেছে, তারা রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি থেকে দুই পর্যটকসহ চারজনকে অপহরণে জড়িত নয়। অপহৃত পথপ্রদর্শক মাংসাই ম্রোর ভাই পাসিং কার্বারীসহ (পাড়াপ্রধান) খোঁজ নিতে যাওয়া তিনজনের দল ফিরে এসে এ কথা জানিয়েছে বলে গতকাল রোববার জানান বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা।
পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন এবং পথপ্রদর্শক (গাইড) মাংসাই ম্রো ও লালরিং সাং বমকে ৩ অক্টোবর সন্ত্রাসীরা অপহরণ করে। এলাকাবাসীর অভিযোগ, এএলপি তাঁদের অপহরণ করেছে।
বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং প্রথম আলোকে বলেন, অপহৃত ব্যক্তিদের খোঁজে সীমান্ত এলাকায় গিয়েছিলেন পাসিং কার্বারী, বড়থলি ইউপির সদস্য অনচন্দ্র ত্রিপুরা, রুমা সদর ইউপির সাবেক সদস্য মেনপং ম্রো। তাঁরা গতকাল সকালে ফিরে এসেছেন। তাঁরা মুঠোফোনে দুপুরে আতোমংকে জানান, এএলপির নেতাদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এএলপি নেতারা বলেছেন, অপহরণের ঘটনায় তাঁরা জড়িত নন।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বলেন, এএলপি যদি অপহরণের দায়িত্ব অস্বীকার করে তাহলে অন্যভাবে চিন্তা করতে হবে।
রুমা থানার ওসি শরীফুল ইসলাম বলেন, কোনো বিদেশি গোষ্ঠী নয়, স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসীরা অপহরণের সঙ্গে জড়িত এবং বড়থলি এলাকায় অথবা দেশের ভেতরে অন্য কোনো স্থানে অপহৃতদের আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।