বিয়ের নামে প্রতারণার অভিযোগে উপল চাকমা নামের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আইরিন পারভিন উপল চাকমাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামি উপল চাকমা চট্টগ্রামের চান্দগাঁও থানায় কর্মরত বলে জানা গেছে।
প্রতারিত ওই আদিবাসী নারী আদালতে আরজিতে বলেন, উপল চাকমার সঙ্গে তিনি ২০১১ সালের ২১ অক্টোবর কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধবিহারে বৌদ্ধধর্মীয় মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং কয়েকজন বন্ধুবান্ধবকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন। পরবর্তী সময়ে ২০১২ সালের ১৭ মার্চ চট্টগ্রামে নোটারি পাবলিকের কার্যালয়ে উভয়ের সম্মতিতে ‘বিবাহ হলফনামা’ করেন। এর মধ্যে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন। একসময় ওই নারী তাঁকে সামাজিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নিতে বললে উপল চাকমা বিয়ের কথা অস্বীকার করেন এবং তাঁকে বিরক্ত করতে নিষেধ করেন। পরে ওই নারী জানতে পারেন উপল চাকমার স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে। এ অবস্থায় রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই নারী উপল চাকমার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।
পরে ২০১২ সালের ১৫ অক্টোবর আদালতে উপস্থিত হয়ে উপল চাকমা ওই নারীকে সামাজিকভাবে ঘরে তুলে নেওয়ার শর্তে লিখিত আপসনামা করেন। কিন্তু আদালতের জামিন নিয়ে সেই অাপসনামার শর্ত বারবার ভঙ্গ করতে থাকেন। গতকাল আদালত জামিন বাতিল করে উপল চাকমাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাঙামাটি আদালতের দারোগা মো. জসিম উপল চাকমাকে জেলহাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত তাঁর (উপল চাকমা) জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী সুস্মিতা চাকমা বলেন, ‘আমার মক্কেল একজন সাদাসিধে নিরীহ কর্মজীবী নারী। আসামি উপল চাকমাকে বারবার আপসের সুযোগ দেওয়া হলেও তিনি তা রক্ষা করেননি।’
চান্দগাঁও থানার উপপরিদর্শক মো. আরিফুর রহমান উপল চাকমা ওই থানায় কর্মরত বলে নিশ্চিত করে বলেন, ‘তিনি এত দিন আদালতের জামিন নিয়ে ছিলেন বলে আমরা জানি। তবে তাঁকে জেলহাজতে পাঠানোর বিষয়টি আমাদের জানা নেই।’