শেরপুর, যশোর ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার দুই শিশু ও পুলিশের এক এএসআইসহ চারজন নিহত হয়েছেন। শেরপুর-ঝিনাইগাতী সড়কের পাগলারমুখ মাটিয়াপাড়া এলাকায়, যশোরের মনিরামপুর উপজেলায় এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ বাজার বাসস্ট্যান্ডে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে ২০ জন শিক্ষার্থী একটি পিকআপ ভ্যানে বনভোজনে যাচ্ছিল। পথে শেরপুর-ঝিনাইগাতী সড়কের পাগলারমুখ মাটিয়াপাড়ায় পিকআপ ভ্যানটিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই বাস ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই শিশুশিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আরেক শিশু গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী হতাহত শিক্ষার্থীদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
নিহত শিক্ষার্থীরা হলো শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরের ছনকান্দা গ্রামের আবদুস শহীদের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবু হামজা (১১) ও শামছুল ইসলামের ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম (১৩)। একই এলাকার শেখ সাদীর ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সোহেল মিয়াকে (১৪) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাসের চালক পলাতক রয়েছেন।
যশোরের মনিরামপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (৩৭) নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তিনি উপজেলার জয়পুর গ্রামের ইনতাজ আলী সরদারের ছেলে।
নিহত ব্যক্তির ছোট ভাই সোহাগ হোসেন বলেন, গত ২৯ জানুয়ারি জাকির হোসেন ছুটিতে গ্রামের বাড়ি আসেন। গতকাল তিনি কেনাকাটা করতে মনিরামপুর বাজারে যান। সেখান থেকে দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে জয়পুর গ্রামের ইমান আলীর মোড়ে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির গুরুতর আহত হন। পরে মনিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মুমূর্ষু অবস্থায় জাকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোছা. খাইরুন্নেছা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাড়া বাঁশহাটি গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাসস্ট্যান্ড এলাকায় খাইরুন্নেছা সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, চালককে মাইক্রোবাসটিসহ আটক করা হয়েছে। নিহত নারীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।